২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

ভেটেরিনারিয়ানদের দক্ষতা বিকাশে BVA-এর ব্যতিক্রমী আয়োজন

এগ্রিবার্তা ডেস্ক ১৯ এপ্রিল ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভেটেরিনারিয়ানদের দক্ষতা বিকাশে BVA-এর ব্যতিক্রমী আয়োজন

বিশ্বব্যাপী প্রাণিস্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দায়িত্বের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছরের মতো এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতা।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে দেশের ১৫টি ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি দল অংশ নেয়। তারা যুক্তি, বিশ্লেষণ এবং প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিচ্ছবি তুলে ধরে। বিতর্কের Tab Round থেকে সেমিফাইনালে ওঠে—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

সেমিফাইনাল পর্বে বাকৃবি ও মাভাবিপ্রবি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে উঠে আসে চূড়ান্ত পর্বে, যা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল, বিশ্ব ভেটেরিনারি দিবসে।

আয়োজনে স্পনসর হিসেবে সহায়তা করেছে—এসিআই এনিমেল হেলথ, আদিয়ান এগ্রো লিমিটেড, প্রোভেট রিসোর্সেস লিমিটেড, আড়ং ডেইরি এবং ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন BVA-এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন এবং BVC-এর রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, সরকারি-বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ান, শিক্ষক, পেশাজীবী ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে বাস্তব জীবনের পেশাদারিত্ব, যুক্তি ও নেতৃত্বের দক্ষতা গঠনে সহায়ক। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ভেটেরিনারি শিক্ষার অঙ্গনে একটি সচেতনতা-উদ্দীপক পদক্ষেপ।

উল্লেখ্য, প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়ে আসছে। প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা ভেটেরিনারিয়ানদের ভূমিকাকে তুলে ধরতে এবারের আয়োজন রেখেছে ভিন্নমাত্রার ছাপ।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।