২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

এগ্রিবার্তা ডেস্ক ১৫ এপ্রিল ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা উখিয়া। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হলেও এখানকার মাঠঘাট জুড়ে ছড়িয়ে রয়েছে কৃষির প্রাণচাঞ্চল্য। এই সবুজ জনপদ গঠিত হয়েছে পাঁচটি ইউনিয়ন নিয়ে। রোহিঙ্গা সংকটের মাঝেও এখানকার কৃষকেরা মাঠে ফসল ফলিয়ে বাঁচিয়ে রেখেছেন জীবনের স্বপ্ন।

চলতি বোরো মৌসুমে উখিয়ার মাঠে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। মাঠের পর মাঠ জুড়ে চোখ জুড়ানো সবুজ ধানক্ষেত। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, এবারের বোরো ধানে ফলন ভালো হচ্ছে, যা আগামীর জন্য আশাজাগানিয়া বার্তা।

সকালবেলা রত্নাপালং বা হলদিয়াপালংয়ের ফসলি মাঠে দাঁড়ালেই দেখা মিলবে ঝলমলে ধানগাছের সারি। বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। ফসলি জমিগুলো যেন একেকটা জীবন্ত ক্যানভাস—সবুজে মোড়ানো, সোনালি ভবিষ্যতের আশ্বাস নিয়ে।

রত্নাপালং ইউনিয়নের কৃষক ফকির মিয়া বলেন, “প্রতিবারের মতো এবারও আমরা চাষে নেমেছি স্বপ্ন নিয়ে। অনেক সময় আবহাওয়া প্রতিকূল হলে সব হারাতে হয়। কিন্তু এবছর আল্লাহর রহমতে ফলন খুব ভালো হয়েছে। যদি বড় কোনো দুর্যোগ না হয়, তবে গোলায় ধান তুলতে পারব ঠিকঠাক।”

হলদিয়াপালংয়ের আরেক কৃষক জানান, বোরো মৌসুমে ফলন তুলনামূলক ভালোই হয়। তবে আবহাওয়ার তারতম্য ও পোকামাকড়ের কারণে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখে পড়তে হয়। তিনি বলেন, “সময়মতো সঠিক সার ও কীটনাশক দিলে ধান রক্ষা করা যায়। তবে এ মাসে একটু দুশ্চিন্তায় আছি, কারণ আবহাওয়া আচরণ অনেক সময় হঠাৎ বদলায়।”

উখিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় মোট ৬,৪৭৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাত ‘ময়না’, ‘অ্যারাইজ তেজ’, ‘টিয়া’ চাষ হয়েছে ৪৫০ হেক্টর জমিতে।
আর উফশী জাতের চাষ হয়েছে ৫,৯৯০ হেক্টর জমিতে। এসব জাতের মধ্যে রয়েছে ব্রি ধান-২৮, ৫০, ৫৫, ৫৮, ৬২, ৬৩, ৬৭, ৮৮, ৮৯, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২ এবং ১০৪। স্থানীয় জাত ‘বিন্নি’র চাষ হয়েছে ৩৫ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। মাঠের পরিস্থিতি ভালো। ফলন আশানুরূপ হয়েছে। আমাদের সহকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছেন।”

সবমিলিয়ে এবারের বোরো মৌসুম উখিয়ার কৃষকদের জন্য বয়ে এনেছে স্বস্তি ও সম্ভাবনার বার্তা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।