২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

মিরসরাইয়ে প্রথমবার বাণিজ্যিক পেঁয়াজ চাষে সফল দম্পতি

এগ্রিবার্তা ডেস্ক ১১ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মিরসরাইয়ে প্রথমবার বাণিজ্যিক পেঁয়াজ চাষে সফল দম্পতি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চরচশরত এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করে নজর কাড়লেন কৃষক বিমল চন্দ্র দাশ ও তার স্ত্রী সেবিকা রানী দাশ। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সহায়তায় ১৫০ শতক জমিতে পেঁয়াজ চাষ করে ইতিমধ্যেই ভালো ফলন পেয়েছেন তারা। তাদের এ উদ্যোগ এ অঞ্চলের কৃষিতে নতুন এক দিক উন্মোচন করেছে।

কৃষক বিমল চন্দ্র দাশ এক সময় বিদেশে বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন। দেশে ফিরে বাবার রেখে যাওয়া জমি এবং কিছু বর্গা জমিতে শুরু করেন পুরোদমে কৃষিকাজ। তার পাশে ছিলেন স্ত্রী সেবিকা রানী দাশ, যিনি মাঠের কাজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রতিটি ধাপে স্বামীকে সহযোগিতা করে চলেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তারা নিজেরাই জমি থেকে পেঁয়াজ তুলছেন। একেকটি পেঁয়াজের ওজন ১০০ থেকে ১২০ গ্রাম। বিমল জানান, গত বছর পরীক্ষামূলকভাবে মাত্র ৭ হাজার টাকা পুঁজি দিয়ে অল্প জমিতে পেঁয়াজ চাষ করে ৩০ হাজার টাকা আয় করেন। সফলতা দেখে এবার ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেন। পাশাপাশি তারা রসুন, ডাল, আলু, সরিষা, মরিচ, মাছ, পোল্ট্রি ও মৌসুমি সবজি চাষেও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সেবিকা রানী দাশ বলেন, "কৃষিই আমাদের মূল ভরসা। আমরা স্বামী-স্ত্রী একসাথে কাজ করি। বাজার থেকে কিছু কিনতে হয় না। সব কিছুই জমিতে উৎপাদিত হয় এবং আমরা সেগুলো বাজারে বিক্রি করি। পেঁয়াজের ফলন এবার ভালো হয়েছে, বাজারমূল্য ঠিক থাকলে ভালো লাভের আশা করছি।"

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, সাধারণত মিরসরাইয়ে পেঁয়াজ চাষ খুব একটা ভালো হয় না। তবে গত বছর মসলা উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু উন্নত জাতের বীজ দেওয়া হয়েছিল, যা ভালো ফল দিয়েছে। বিমল দাশ এ বছর নিজ উদ্যোগে তাহিরপুরী জাতের পেঁয়াজ চাষ করেছেন এবং সফলও হয়েছেন। তার এই সফলতা অন্য কৃষকদেরও পেঁয়াজ চাষে আগ্রহী করে তুলবে বলে আশা করা যাচ্ছে।

এই দম্পতির পরিশ্রম ও অঙ্গীকার আজ মিরসরাইয়ের কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের মতো প্রগতিশীল কৃষকরা দেশের কৃষি উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।