২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

এগ্রিবার্তা ডেস্ক ১০ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

খুলনা-মোংলা রেললাইনের দুপাশের পতিত জমিকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে সজনে বাগান। এই ব্যতিক্রমী উদ্যোগে খুলনার চড়া, সাচিবুনিয়া ও ঝড়ভাঙ্গা—তিনটি গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে রোপণ করা হচ্ছে ১ হাজার সজনে গাছ।

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো—পতিত জমির কার্যকর ব্যবহার, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, ভূমিধস রোধ এবং পরিবেশ সুরক্ষা।

বুধবার (৯ এপ্রিল) এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব কুমার সাহা। তিনি জানান, “যেসব জায়গায় অবকাঠামো নির্মাণ সম্ভব নয়, সেসব জমিতে সজনে চাষ করে জনগণের উপকারে আসার চেষ্টা চলছে।”

প্রত্যেক গ্রাম থেকে একটি করে কমিটি গঠন করে স্থানীয়দের মাধ্যমে সজনে গাছের পরিচর্যা ও সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। এই পদ্ধতিতে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদিত পাতা, ফুল ও সজনে তাদের পুষ্টি চাহিদা মেটাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবু বকর সিদ্দিক ও উপসহকারী কৃষি কর্মকর্তা জীবানন্দ রায়।

স্থানীয় বাসিন্দা সমরেশ মণ্ডল, মনি মোহন মণ্ডল, সাধন রায় ও কাকলী গোলদার বলেন, “সজনে পাতা নানা রোগ প্রতিরোধে কাজ করে। এটি পুষ্টিগুণে ভরপুর এবং পরিবারের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দরকার।”

ডা. সৈয়দ আবুল কাসেম, খুলনার আহসান উল্লাহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ, বলেন,

“সজনে পাতা ও বীজ নানা জটিল ব্যাধির ওষুধ। ব্যথা, অ্যালার্জি ও ডায়াবেটিস নিরাময়ে কার্যকর। এমনকি জয়েন্টের ব্যথাতেও সজনে পাতা ৩ ঘণ্টার মধ্যেই স্বস্তি দেয়।”

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে ৪০ বছর আগে থেকেই সজনে রপ্তানি হয়ে আসছে। দেশে এই গাছের যত্নবান সম্প্রসারণ হলে এর অর্থনৈতিক সম্ভাবনাও বিপুল।

এই প্রকল্প একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্বাস্থ্য ও অর্থনীতিতে যুক্ত করবে নতুন মাত্রা। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ উদ্যোগ হয়ে উঠতে পারে সত্যিকার অর্থে টেকসই একটি সবুজ বিপ্লব।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।