মাগুরায় ২৯৪০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি জানান, এই কার্যক্রমের আওতায় মোট ২৯৪০ জন কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন। এর মধ্যে ১২৬০ জন কৃষককে দেওয়া হয়েছে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ১৬৮০ জন কৃষককে দেওয়া হয়েছে ১ কেজি করে পাট বীজ। এছাড়া প্রতিজন কৃষক পেয়েছেন ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “এই প্রণোদনার মাধ্যমে প্রান্তিক কৃষকেরা উৎপাদনে আগ্রহী হবেন এবং ফসলের পরিমাণ বাড়বে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পেলে উৎপাদন খরচ কমে যাবে, ফলে লাভের সম্ভাবনা বাড়বে।
সরকারের এই প্রণোদনা কর্মসূচিকে কৃষকেরা বাস্তবসম্মত ও সময়োপযোগী বলেও উল্লেখ করেন।
এই উদ্যোগ দেশের কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।