একই দিনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ও ‘মার্চ ফর গাজা’— দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা
ইসরায়েলের হাতে ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে 'মার্চ ফর গাজা' নামে এক বিশাল গণজমায়েতের ডাক দিয়েছে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'।
এই কর্মসূচি ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে একই দিন ও একই সময়ে দেশের ৯টি কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হতে যাচ্ছে। কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জুমে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এই দুই বড় কর্মসূচি একসঙ্গে হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তাদের আশঙ্কা—গণজমায়েতের কারণে রাজধানীতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, ফলে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়বেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী ও অভিভাবক ভর্তি পরীক্ষা অথবা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘মার্চ ফর গাজা’ হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী গণজমায়েত। এতে অংশ নেওয়ার কথা রয়েছে বরেণ্য আলেম, রাজনীতিক, সেলিব্রেটি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং একাধিক চরমপন্থি গোষ্ঠীর নেতৃবৃন্দের।
এদিকে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব কর্মসূচিটি এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন,
“বর্তমানে দেশে প্রায় ৫০টি দেশের ৬০০ জনের বেশি বিনিয়োগকারী অবস্থান করছেন। তারা ইপিজেড, হাইটেক পার্ক ও স্টার্টআপ পরিদর্শন করবেন। বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা ও চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকদের প্রতি বিনীত অনুরোধ, ১২ এপ্রিলের কর্মসূচিটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার বিষয়টি চিন্তা করুন।”
অন্যদিকে, ভর্তি কমিটি জানায়, পরীক্ষার তারিখ পরিবর্তনের সুযোগ নেই। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রে উপস্থিতি নিয়ে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে আবারও অবহিত করা হবে।
তবে দু’টি কর্মসূচির সংঘর্ষ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—তা এখনো জানানো হয়নি।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।