কৃষিজমিতে অবৈধ ইটভাটা, চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা অবশেষে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় এন.এ.এম ইটভাটায় অভিযান চালিয়ে চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে কৃষিজমিতে অবৈধভাবে এই ইটভাটা পরিচালিত হচ্ছিল। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
ইটভাটাটি দেড় বছরের বেশি সময় ধরে কোনো বৈধ অনুমোদন ও ছাড়পত্র ছাড়া চালু ছিল। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল এবং আশপাশের পরিবেশে তৈরি হচ্ছিল মারাত্মক বিপর্যয়। স্থানীয় কৃষক ও বাসিন্দারা বহুদিন ধরেই এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ ইউনিটের ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার সাব-ইন্সপেক্টর মো. মামুনুর রশিদ এবং ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।
চুল্লি ভেঙে দেওয়ার মাধ্যমে ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে এমন অবৈধ ইটভাটা চিহ্নিত করে আরও অভিযান চালানো হবে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনুমোদনবিহীন ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। বিশেষ করে কৃষিজমিতে ইটভাটা স্থাপন মাটি ও পানির গুণগত মান নষ্ট করে, যা ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে।
এই অভিযানের মাধ্যমে সিংগাইরের সাধারণ মানুষ এবং কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন নজরদারি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।