২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নীলফামারীতে ৭৫ কৃষককে উন্নত পাট চাষের প্রশিক্ষণ

এগ্রিবার্তা ডেস্ক ২৫ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নীলফামারীতে ৭৫ কৃষককে উন্নত পাট চাষের প্রশিক্ষণ

নীলফামারীতে উন্নত জাতের পাট চাষের প্রশিক্ষণ পেল ৭৫ কৃষক।

সোমবার (২৪ মার্চ) উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় সকাল ১০টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এসময় ভার্চুয়ালি বক্তৃতা দেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপ-সচিব (মনিটরিং) মো. সাব্বীর আহমদ।

এ সময় পাট অধিদফতর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. সোলায়মান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নুররেজা সুলতানা প্রমুখ।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান জানান, সরকার পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৌশল সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা পাট চাষে অধিক লাভবান হতে পারেন। প্রশিক্ষণে উচ্চ ফলনশীল পাটবীজ ব্যবহারের গুরুত্ব, উন্নত চাষাবাদ পদ্ধতি, সার ও পানি ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে পাট প্রক্রিয়াকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও উন্নতমানের পাটবীজ প্রদান করা হয়।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।