হাওড়ে পানি সংকট, দুশ্চিন্তায় কৃষক
টানা খরা ও অনাবৃষ্টির কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কৃষি জমিতে পানি সংকট দেখা দিয়েছে। এতে স্থানীয় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলার হাওড় এবং মাঠের পর মাঠ বোরো জমি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে ধান বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, আশানুরূপ বৃষ্টি হলে এ সমস্যা কেটে যাবে।
জানা যায়, চলতি মৌসুমে উপজেলার চাষিরা উৎসাহ নিয়ে বোরো ধান রোপণ করেছিলেন। ফলন ভালো হওয়ায় ফসলের মাঠ সবুজে ভরে উঠেছিল। কিন্তু টানা খরায় সেই সবুজ ক্ষেতে এখন বিবর্ণতার ছাপ। পানির অভাবে হাওড়ের ও মাঠের অনেক জমি শুকিয়ে গেছে।
কৃষকদের অভিযোগ, ধান রোপণের আগে বিলের ইজারাদাররা হাওড়ের বিল-নদী শুকিয়ে মাছ ধরার কারণে পানি সংকট তৈরি হয়েছে। এতে ধানে থোড় আসার আগেই ক্ষেত শুকিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক তিন থেকে চার হাজার ফুট দূর থেকে পাইপ দিয়ে পানি আনার চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত পানি না থাকায় তাদের সমস্যার শেষ হচ্ছে না। উপজেলাজুড়ে কৃষকদের মধ্যে পানি নিয়ে চলছে হাহাকার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১০ হাজার ১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যা বেড়ে ১০ হাজার ৩৪ হেক্টর জমি পর্যন্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি জানান, আবহাওয়া অফিস শিগগিরই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি হলে এ সমস্যা আর থাকবে না। তবে দীর্ঘদিন খরা অব্যাহত থাকলে রোপণ করা বোরো ধানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হবে এবং রোগবালাইয়ের প্রকোপ বাড়তে পারে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।