২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ধানের চেয়ে খরচ কম হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা

এগ্রিবার্তা ডেস্ক ৮ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ধানের চেয়ে খরচ কম হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হচ্ছে। উৎপাদন খরচ কম এবং বাজারে ভালো দাম থাকায় কৃষকরা ধানের পরিবর্তে ভুট্টা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছেন।

স্থানীয় কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর উপজেলায় ২ হাজার ৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা এ অঞ্চলের জন্য নতুন রেকর্ড। এর আগে ২০২৪ সালে ২ হাজার ৭৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল।

স্থানীয় কৃষকদের মতে, ধানের তুলনায় ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি হয়। ধান থেকে বিঘা প্রতি ২০-৩০ মণ ফলন হলেও, একই জমিতে ভুট্টা থেকে ৪০-৫০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়।

বাজারে কাঁচা ভুট্টার দাম প্রতিমণ ৮০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত উঠলেও শুকনা ভুট্টার দাম ১,৪০০ থেকে ১,৭০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এদিকে ধান উৎপাদনে যেখানে প্রচুর সেচ খরচ হয়, সেখানে ভুট্টা চাষে সেচের খরচ তুলনামূলক কম। তাছাড়া সার ও কীটনাশকের ব্যবহারও ভুট্টা চাষে কম লাগে।

সিংগী গ্রামের কৃষক অচিন্ত চন্দ্র ঘোষ বলেন, "এবারই প্রথমবার আমি ভুট্টা চাষ করেছি। খরচ কম হওয়ায় ২ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। ফলন ভালো হলে আগামী বছরও ভুট্টা চাষের পরিকল্পনা আছে।"

অন্যদিকে নরেন্দ্রপুর গ্রামের আহাদ আলি বলেন, "গত বছর ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। এবার তা বাড়িয়ে ৬ বিঘা করেছি। সব ঠিকঠাক থাকলে ভালো লাভ হবে বলে আশা করছি।"

কালীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহন বলেন, "ভুট্টা চাষে কৃষকদের সঠিক পরামর্শ দিতে আমরা নিয়মিত কাজ করছি। পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছি।"

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি বলেন, "ভুট্টার উৎপাদন বাড়লেও ধানের উৎপাদন কমবে না। কৃষকদের আগ্রহ দেখে মনে হচ্ছে, ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা সহজেই অর্জন করতে পারব।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।