২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

‘আমাদের না জানিয়ে কেন গরু বিতরণ?’ — বাবুগঞ্জে বিএনপির প্রতিবাদ

এগ্রিবার্তা ডেস্ক ৮ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
‘আমাদের না জানিয়ে কেন গরু বিতরণ?’ — বাবুগঞ্জে বিএনপির প্রতিবাদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের না জানিয়ে গরু বিতরণ করা হচ্ছে। এ নিয়ে তারা উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীনের সঙ্গে তর্কে জড়ান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে। বিএনপির নেতাদের আপত্তির কারণে বিতরণ কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে তাদের দেওয়া তালিকা অনুযায়ী সাতজনের মধ্যে বাছুর বিতরণ করা হলে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য ৮০ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ ৪৮টি বাছুর বিতরণ করে চলে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা এসে আপত্তি তোলেন। পরে বিএনপি নেতারা ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিতরণের সময় বিএনপির কয়েকজন নেতা উপস্থিত হয়ে অভিযোগ তোলেন যে, তাদের না জানিয়ে গরু বিতরণ করা হয়েছে। তারা দাবি করেন, মৎস্য কর্মকর্তা বিএনপি নেতাদের অবহেলা করে জামায়াত সমর্থকদের দিয়ে জেলে কার্ড তৈরি করেছেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, "গরু বিতরণ নিয়ে কিছু সমস্যা হয়েছিল বলে শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফারুক জানান, তারা শুধু চাইছিলেন, আওয়ামী লীগ সমর্থকদের দেওয়া তালিকা অনুসারে যেন গরু বিতরণ না করা হয়। বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, "তেমন কিছু হয়নি, বিএনপির কয়েকজন কর্মী শুধু অসন্তোষ প্রকাশ করেছেন।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।