২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ময়মনসিংহের কৃষি বিভাগের নেতৃত্বে নারী কর্মকর্তারা

এগ্রিবার্তা ডেস্ক ৮ মার্চ ২০২৫ · ৫ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ময়মনসিংহের কৃষি বিভাগের নেতৃত্বে নারী কর্মকর্তারা

বাংলাদেশের কৃষিখাতে দীর্ঘদিন ধরে পুরুষদের আধিপত্যের ধারণা প্রচলিত থাকলেও ময়মনসিংহ বিভাগ সেই ধারণা বদলে দিচ্ছে। এই বিভাগের কৃষি খাতে নেতৃত্ব দিচ্ছেন নারী কর্মকর্তারা, যা নারী ক্ষমতায়নের অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিভাগের দুটি শীর্ষ পদে রয়েছেন নারী কর্মকর্তা। এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের চারটি গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন চারজন নারী কর্মকর্তা। ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ১০টি উপজেলার কৃষি কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন নারীরা।

ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিভাগের প্রধান হিসেবে রয়েছেন অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু এবং উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সালমা আক্তার।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের চারটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন —

  • ড. মোসাম্মৎ নাসরিন আক্তার বানু (উপ-পরিচালক)
  • ড. উম্মে হাবিবা (প্রশিক্ষণ কর্মকর্তা)
  • এসএস ফারহানা হোসেন (অতিরিক্ত উপ-পরিচালক, উদ্যান)
  • তাহমিনা ইয়াসমিন (অতিরিক্ত উপ-পরিচালক, শস্য)

ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় নারী কৃষি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন —

  • জুবায়রা বেগম সাথী (ময়মনসিংহ সদর)
  • সেলিনা পারভিন (মুক্তাগাছা)
  • তানিয়া রহমান (ত্রিশাল)
  • নুসরাত জামান (ভালুকা)
  • শাকুরা নাম্মী (গফরগাঁও)
  • নাঈমা সুলতানা (নান্দাইল)
  • রিপা রানী চৌহান (ঈশ্বরগঞ্জ)
  • নিলুফার ইয়াসমিন জলি (গৌরীপুর)
  • অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন (তারাকান্দা)
  • নাদিয়া ফেরদৌসী (ধোবাউড়া)

নারী কর্মকর্তারা নানা সীমাবদ্ধতার মধ্যেও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছেন।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ তাহমিনা আক্তার জানান, কাজের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ না করলেও যাতায়াতে ট্রান্সপোর্ট সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ময়মনসিংহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী বলেন, "আমি নারী, আমি আমার মতো করে পারি। আমরা সবাই মিলে কাজ করতে চাই, যেখানে বৈষম্যের জায়গা থাকবে না।"

ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, "নারীরা অফিসের দাফতরিক কাজ পুরুষদের তুলনায় আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। নানা চ্যালেঞ্জ থাকলেও আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।"

ময়মনসিংহ জেলা কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু বলেন, "নারী কর্মকর্তাদের পক্ষে সবসময় রাত-বিরাতে মাঠপর্যায়ে কাজ করা কঠিন। তবে আন্তরিকতা দিয়ে কাজ করলে এসব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।"

বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল আমিন বলেন, "নারী কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সবসময় পরামর্শ দিয়ে সহায়তা করছেন। তাদের আন্তরিকতার কারণে কৃষি খাতে উন্নয়ন হচ্ছে।"

বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা বলেন, "কৃষি বিভাগে নারীদের এই সফলতা আমাদের গর্বিত করে। নারীরা কৃষি ছাড়াও শিক্ষাসহ বিভিন্ন খাতে এগিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য আশাব্যঞ্জক।"

ময়মনসিংহের কৃষি খাতে নারীদের এই অগ্রযাত্রা দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তাদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা প্রমাণ করে যে নারীরা যে কোনো খাতে নেতৃত্ব দিতে সক্ষম।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।