২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ফুলে ভরপুর লিচু বাগান, রেকর্ড ফলনের আশা

এগ্রিবার্তা ডেস্ক ৬ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ফুলে ভরপুর লিচু বাগান, রেকর্ড ফলনের আশা

‘লিচুর দেশ’ নামে পরিচিত দিনাজপুরের বাগানজুড়ে এখন সোনালি ফুলের সমারোহ। অনুকূল আবহাওয়া ও উন্নত চাষাবাদের কারণে এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ জেলায় ৫ হাজার ৪১৮টি লিচুর বাগান রয়েছে, যার বেশিরভাগই সদর, চিরিরবন্দর, খানসামা ও বীরগঞ্জ উপজেলায়। চায়না-১, চায়না-২, চায়না-৩, বোম্বে, মাদ্রাজি ও বেদানা জাতের লিচুর চাষ বেশি হচ্ছে।

বসন্তের শুরুতেই ফুলে ছেয়ে গেছে গাছগুলো। তবে বাড়তে থাকা তাপমাত্রা নিয়ে শঙ্কিত চাষিরা। কৃষকরা জানিয়েছেন, ফল ধরার সময় ঝড়-বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

দিনাজপুরের লিচুর সুনাম থাকায় ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আগেভাগেই বাগান কিনছেন। তবে লিচুর সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে রপ্তানির সুযোগ সীমিত হয়ে পড়েছে।

চিরিরবন্দর উপজেলার লিচু চাষি বাবলু মিয়া বলেন, “হিমাগার থাকলে লিচু সংরক্ষণ করা যেত। তাহলে লিচুর জুসসহ বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ তৈরি হতো।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান জানান, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হবে বলে আশা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছুটা ক্ষতি হতে পারে।”

গত বছর দিনাজপুরে ৫ হাজার ৭৮৭ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল, উৎপাদন হয়েছিল ৪২ হাজার টন, যার বাজারমূল্য ছিল প্রায় ৮০০ কোটি টাকা।

কৃষকদের দাবি, লিচু সংরক্ষণের জন্য হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুললে দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখা সম্ভব হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।