সুপরিকল্পিতভাবে বিগত সরকার পাটশিল্পকে ধ্বংস করেছে : কৃষি-শিল্প কমিটি
৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে পাটকল ও পাটশিল্প সম্পর্কে এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কৃষি-শিল্প-পাট ও পরিবেশ রক্ষা নাগরিক কমিটি খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০২০ সালের ২ জুলাই বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে ২৬টি পাটকল বন্ধ ও পাটশিল্পকে ধ্বংস করেছেন। ফলে কর্মহীন হয়েছে ৫০ হাজার শ্রমিক। পথে বসানো হয়েছে লক্ষাধিক শ্রমিক পরিবার। এমন কি শিল্প এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও পাট চাষিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাটকল বন্ধের ৫ বছর শ্রমিক ও তাদের পরিবার অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হলে পাটকলের উৎপাদন সচল ও পাটশিল্পকে জীবিত রাখার বিকল্প নেই। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে পাটকে প্রধান কেন্দ্র করেই সামনের দিকে যাত্রা করতে হবে। তবেই অর্থনীতি টেকসই হবে। পাট ও পাটকলের সাথে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার জড়িত। স্বাধীনতার ৫০ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তারা দেশি বিদেশি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। ক্ষমতাসীনেরা এসব গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে। কিন্তু তারা শ্রমিকদের ভোটে, ম্যান্ডেট নিয়ে ক্ষমতাসীন হলেও শ্রমিক স্বার্থবিরোধী ভ‚মিকায় অবতীর্ণ হয়েছিলো। নেতারা বলেন, পাটশিল্পকে প্রধান শিল্প হিসেবে দেখতে হবে। এই শিল্পে কিভাবে চুরি, দুর্নীতি ও লুণ্ঠন হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে, যারা এই লুণ্ঠনের মহাযজ্ঞের সাথে যুক্ত তাদের বিচার করতে হবে। পাটশিল্পকে বাঁচাতে বিশেষ অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সহ-সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব এস এ রশীদ, জনার্দন দত্ত নান্টু, মুনীর চৌধুরী সোহেল, মোঃ মোঃ জাম্মেল হক খান, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, পরিবেশকর্মী মাহফুজুর রহমান মুকুল, যুগ্ম-সম্পাদক পরিবেশকর্মী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কোহিনুর আক্তার কণা, পলাশ দাস, এস এম চন্দন, এস এম সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আফজাল হোসেন রাজু, শ্রমিক নেতা মোঃ মনির হোসেন, মোঃ অলিয়ার রহমান, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।