২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবিতে অনুষ্ঠিত হলো পত্রিকাভিত্তিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব

আসিফ ইকবাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে অনুষ্ঠিত হলো পত্রিকাভিত্তিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’-এর আঞ্চলিক পর্ব, যা দেশের অন্যতম বৃহৎ পত্রিকাভিত্তিক প্রতিযোগিতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে সার্বিক সহায়তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রতিযোগিতায় প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

তৃতীয় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে বিভক্ত ছিল— ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) এবং ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।

এ সময় নিউজপেপার অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের ডিভিশনাল কো-অর্ডিনেটর নুসরাত জাহান বলেন, “সাধারণ মানুষের মাঝে গণমাধ্যমের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেই নিউজপেপার অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মানুষের জ্ঞানচর্চা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সংবাদপত্র পাঠের আগ্রহ তৈরি করবে এবং গণমাধ্যম সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সহায়ক হবে।”

উল্লেখ্য, ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এর জাতীয় পর্বের বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকা পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পাবেন।

আসিফ ইকবাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।