ডিমের মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রে পিপলস পোলট্রিকে জরিমানা
ডিমের মূল্য বৃদ্ধির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার অপরাধে পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডকে ৭২ লাখ ২ হাজার ৯৭৩ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিষ্ঠানটি ডিমের সরবরাহ সংকট তৈরি করতে অন্যান্য কোম্পানি ও আড়তদারদের সঙ্গে যোগসাজশ করেছিল বলে তদন্তে প্রমাণ মিলেছে।
২০২২ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিযোগিতা কমিশন বিষয়টি তদন্ত করে। তদন্তে দেখা যায়, পিপলস পোলট্রি, কাজী ফার্মস গ্রুপ, সিপি বাংলাদেশ, ডায়মন্ড এগ লিমিটেডসহ বেশ কয়েকটি কোম্পানি ও ডিম ব্যবসায়ী সমিতি কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল।
তদন্তে আরও উঠে এসেছে যে, ওই সময় প্রতি পিস ডিমের বাজারমূল্য ১১ টাকা ৮০ পয়সা থাকলেও, পিপলস পোলট্রি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে এবং ব্যবসায়ীদের এই দামে বিক্রি করতে বাধ্য করে। এভাবে তারা বাজারে প্রতিযোগিতা নষ্ট করে এবং ভোক্তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
অনিয়মের কারণে প্রতিযোগিতা কমিশন পিপলস পোলট্রিকে ৭২ লাখ টাকা জরিমানা করে এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিতের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। কমিশন বলেছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের কারসাজির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।