২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নেত্রকোনায় ২০ মিনিটের বৃষ্টি, কৃষকের মুখে হাসি

এগ্রিবার্তা ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নেত্রকোনায় ২০ মিনিটের বৃষ্টি, কৃষকের মুখে হাসি

নেত্রকোনার বিভিন্ন এলাকায় রোববার দুপুরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এর মধ্যে হাওরাঞ্চল খালিয়াজুরির দুটি ইউনিয়নে ১৫ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি ও শিলার ফলে ফসলের ক্ষতি হয়নি, বরং কৃষকদের মতে, এটি বোরো ধানের জন্য উপকারী হয়েছে।

রোববার সকাল থেকেই নেত্রকোনার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুর ১২টা ৮ মিনিটে হালকা বৃষ্টি শুরু হয়, যা ধীরে ধীরে বাড়তে থাকে। খালিয়াজুরি উপজেলার চাকুয়া ও গাজীপুর ইউনিয়নে ১৫ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে। অনেক জায়গায় মাটিতে শিলার স্তর জমে যায়। তবে শিলাবৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হয়নি, যদিও কিছু ঘরবাড়ির ক্ষতির খবর পাওয়া গেছে।

খালিয়াজুরির অনেক বাসিন্দা জানান, বসন্তের শুরুতে এমন শিলাবৃষ্টি তারা আগে দেখেননি। চাকুয়া ইউনিয়নের দাউদপুর ও মুকিমপুর গ্রামে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তবে কৃষকরা বলছেন, এই বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ।

পুরানহাটি গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, "এখন বোরো ধানের মৌসুম চলছে। বৃষ্টির ফলে আমাদের পানি সেচের খরচ কমবে, আর ধানের জন্যও উপকারী হবে।"

সোহাগ ফকির নামে আরেক কৃষক জানান, "গভীর নলকূপের পানি শুধু গোড়ার অংশ ভেজায়, কিন্তু বৃষ্টির পানি পুরো ধানগাছকে সজীব করে তোলে। ফলে আমাদের ফসলের জন্য এই বৃষ্টি খুব দরকার ছিল।"

নেত্রকোনা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, সোমবারও হালকা বৃষ্টি হতে পারে, তবে টানা দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, জেলার প্রায় সব উপজেলায় বৃষ্টি হয়েছে। খালিয়াজুরির কিছু এলাকায় শিলাবৃষ্টি হলেও কৃষিতে এর নেতিবাচক প্রভাব পড়েনি। বরং বোরো ধানের জন্য এটি সহায়ক হবে।

নেত্রকোনায় এ বছর ১ লাখ ৮৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ৬৩ হাজার ৪৯০ দশমিক ৫ টন ধান উৎপাদনের।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।