২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নিলামে আদার কেজি ২৩ আর পেঁয়াজ ৭ টাকা

এগ্রিবার্তা ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নিলামে আদার কেজি ২৩ আর পেঁয়াজ ৭ টাকা

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমদানিকৃত আদা ও পেঁয়াজের নিলামে দর বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম উঠেছে। সোমবার সকালে চট্টগ্রাম কাস্টম কর্তৃক আয়োজিত প্রকাশ্য নিলামে অংশগ্রহণকারীরা পচনশীল এসব পণ্য কিনতে অনীহা দেখালেও, শেষ পর্যন্ত তুলনামূলক কম মূল্যে পণ্যগুলোর জন্য দর প্রস্তাব করেন।

চলমান বাজারে পেঁয়াজের কেজি যেখানে ৫০ টাকার নিচে নেই, সেখানে নিলামে তা মাত্র ৭.৩৬ টাকায় উঠেছে। একইভাবে আদার বর্তমান বাজারদর যেখানে ১০০ টাকা প্রতি কেজি, সেখানে নিলামে সেটির দর উঠেছে ২৩.৫৪ টাকা।

চট্টগ্রাম কাস্টম নিলাম শাখার তথ্য অনুসারে, নিলামে তোলা হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ কেজি পেঁয়াজ, যার সংরক্ষিত মূল্য ছিল ৬১ লাখ ৩০ হাজার ৯৭৯ টাকা। কেজিপ্রতি নির্ধারিত মূল্য ছিল ৫৩.১০ টাকা, কিন্তু নিলামে সর্বোচ্চ দর উঠেছে মাত্র ৭.৩৬ টাকা।

অন্যদিকে, ৫৭ হাজার ৫৬০ কেজি আদার সংরক্ষিত মূল্য ছিল ৬১ লাখ ৪৬ হাজার ৯৪৭ টাকা, অর্থাৎ কেজিপ্রতি নির্ধারিত মূল্য ছিল ১০৬.৭৯ টাকা। কিন্তু নিলামে সর্বোচ্চ দর উঠেছে মাত্র ২৩.৫৪ টাকা।

নিলামে অংশ নেওয়া রাকিব আহমেদ জানান, "এই পণ্যগুলো দীর্ঘদিন বন্দরে পড়ে থাকায় গুণগত মান নষ্ট হয়ে যায়। ফলে নিলামে অংশগ্রহণকারীরা কম দর প্রস্তাব করেন। এগুলো দ্রুত বিক্রি করা হলে হয়তো ভালো মূল্য পাওয়া যেত।"

যদি নিলামে এসব পণ্য বিক্রি না হয়, তাহলে নষ্ট হয়ে যাওয়া পণ্য মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।