২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষকবান্ধব কৃষি অর্থনীতি নিয়ে কাজ করছে সরকার: কৃষি সচিব

এগ্রিবার্তা ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষকবান্ধব কৃষি অর্থনীতি নিয়ে কাজ করছে সরকার: কৃষি সচিব

কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উৎপাদনের টেকসই উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘টেকসই উন্নয়ন প্রকল্প’-এর আওতায় স্কোয়াশ ও রঙিন ফুলকপির মাঠ দিবস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

কৃষি সচিব বলেন, "স্কোয়াশ ও রঙিন ফুলকপি দেশের কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক ফসল। আমরা কৃষক এখলাছুর রহমানের ৪০ শতক জমির উৎপাদন ঘুরে দেখেছি, যেখানে ২০ হাজার টাকা খরচ করে তিনি প্রায় ৭০ হাজার টাকার ফসল বিক্রি করতে পারবেন। অর্থাৎ এক ফসলেই ৫০ হাজার টাকা লাভ সম্ভব হচ্ছে। এমন কৃষকদের সংখ্যা বাড়াতে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে।"

তিনি আরও জানান, প্রতিটি জেলায় উপযোগী ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য ঠিক রেখে উন্নত কৃষিপদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

কৃষি সচিব বলেন, "বর্তমানে কৃষিপণ্যের যে মূল্যসংকট চলছে, তা খুব শিগগিরই সমাধান হবে। কৃষকদের আর্থিক নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।"

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু জুবাইর হোসেন বাবলু, যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, দিনাজপুরের রূপ পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান ও আঞ্চলিক টেকসই উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।