‘রংপুর চিনিকল’ চালু হচ্ছে আবার, আখ চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা
চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে গাইবান্ধার রংপুর চিনিকল। দীর্ঘদিন বন্ধ থাকায় মিল চত্বরে জঙ্গল গজিয়ে উঠেছে, যন্ত্রপাতি অযত্নে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তবে মিল পুনরায় চালুর সরকারি সিদ্ধান্তে নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষক ও শ্রমিকরা। ইতোমধ্যে মিলের নিজস্ব খামারসহ স্থানীয় কৃষকরাও আখ চাষে প্রস্তুতি নিচ্ছেন।
গত বছরের ডিসেম্বরে রংপুর চিনিকল পুনরায় চালুর সরকারি সিদ্ধান্ত আসে। বন্ধ থাকা ছয়টি চিনিকলের মধ্যে তৃতীয় ধাপে চালু হতে যাচ্ছে এটি। কর্তৃপক্ষ জানিয়েছে, মিল চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং অন্তত তিন মাসের উৎপাদন সক্ষমতা অর্জনের পরই কার্যক্রম শুরু হবে।
রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু সুফিয়ান সুজা বলেন, "বিগত দিনেও মিল চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কার্যকর হয়নি। তাই যত দ্রুত সম্ভব এটি চালু করা দরকার, যাতে শ্রমিকরা নিশ্চিন্তে কাজে ফিরতে পারেন।"
এলাকাবাসী ও কৃষকরাও দ্রুত কারখানা চালুর দাবি জানিয়ে বলেন, "মিলটি বন্ধ থাকায় যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, কৃষকদের আখ বিক্রির সুযোগ কমে গেছে এবং অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। কারখানা চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে।"
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আকতার জাহান জানান, "আখ চাষ বাড়ানোর পাশাপাশি মিল চালুর সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তত তিন মাসের উৎপাদন সক্ষমতা নিশ্চিত করেই মিল চালু করা হবে।"
উল্লেখ্য, ১৯৫৭-৫৮ মৌসুমে গাইবান্ধার রংপুর চিনিকল আখ মাড়াইয়ের মাধ্যমে উৎপাদন শুরু করে। ২০২০-২১ মৌসুমে মিলটি বন্ধ হয়ে যায়, ফলে চিনি উৎপাদনও বন্ধ হয়ে যায়। তবে এবারের উদ্যোগ সফল হলে দীর্ঘদিন পর মিলটি আবারও উৎপাদনে ফিরবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।