২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

লালমনিরহাটের কালীগঞ্জে নতুন করে যুক্ত হয়েছে রঙিন ফুলকপি চাষ

এগ্রিবার্তা ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
লালমনিরহাটের কালীগঞ্জে নতুন করে যুক্ত হয়েছে রঙিন ফুলকপি চাষ

উত্তরবঙ্গের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী জেলা লালমনিরহাট। এখানকার সবজি শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়। সাধারণত আলু, বেগুন, শসা, টমেটোসহ নানা সবজি সারা বছরই চাষ হয় এ জেলায়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি, যা কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার কৃষাণী রাবেয়া বেগম প্রথমবারের মতো শখের বসে রঙিন ফুলকপি চাষ করেছেন। বর্তমানে তার ক্ষেতে সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে বাহারি রঙের ফুলকপি। এই ব্যতিক্রমী ফসল দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ভিড় করছেন তার ক্ষেতে।

এ অঞ্চলে সাধারণত সাদা ফুলকপির চাষ হয়ে থাকলেও রঙিন ফুলকপি এ বছরই প্রথম ব্যাপক পরিসরে চাষ হচ্ছে। বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় কৃষকরাও নতুন এ জাতের চাষে আগ্রহ দেখাচ্ছেন। শুরুতে প্রতিটি রঙিন ফুলকপি ৬০-৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে খামার পর্যায়ে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এর দাম আরও বেশি।

রাবেয়া বেগম জানান, রঙিন ফুলকপি চাষে সার, পানি ও কীটনাশকের প্রয়োজন তুলনামূলক কম। ফলে খরচ কমিয়ে লাভবান হওয়ার সুযোগ বেশি। কৃষকদের জন্য এটি একটি লাভজনক ফসল হতে পারে।

কৃষি বিভাগ বলছে, প্রচলিত সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির চাষ পদ্ধতি সহজ এবং উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ছে। অনেক কৃষক এখন এ জাতের চাষ শুরু করেছেন এবং ইতিমধ্যেই ভালো ফল পাচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি বলেন, “এখানকার উর্বর মাটি কৃষির জন্য আদর্শ। কৃষকরা এখন উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হচ্ছেন। রঙিন ফুলকপির চাহিদা অনেক বেশি, বিক্রিও ভালো হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে চাষে সহায়তা করা হবে।”

স্থানীয় বাজারে এর জনপ্রিয়তা বাড়ায় কৃষকরা ব্যাপকভাবে এই নতুন জাতের চাষের দিকে ঝুঁকছেন। আগামী দিনে রঙিন ফুলকপি লালমনিরহাটের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।