তামাক চাষ বন্ধ করতে হবে : প্রাণী উপদেষ্টা
কৃষকদের তামাক চাষ বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘তামাক চাষ বন্ধ করে ওই সব জমিতে ধানসহ অন্যান্য ফসলের আবাদ বাড়াতে হবে। যাতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক খামারিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না।
প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। গত বছরের এই সময়ে আমরা ভাবতে পারিনি যে প্রাণ খুলে কথা বলতে পারব, প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারব। তখন সমাবেশ করলেই পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়া হতো।
তিনি আরো বলেন, ‘আমাদের দুধ আছে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধ সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলব। সরাসরি খামারিদের কাছ থেকে যাতে টাটকা দুধ মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হবে। গরু আমদানি করা হবে উন্নত বাজার বৃদ্ধির জন্য, মাংসের জন্য নয়।
ঝিনাইদহের খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে কোন বৈষম্য থাকবে না এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
তরিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে খামারি সমাবেশে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. মো. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আমিনুল হক।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।