আমদানি বাড়লেও সাতক্ষীরায় ঊর্ধ্বমুখী শুকনা মরিচের বাজারদর
ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আগের বছরের তুলনায় শুকনা মরিচ আমদানি বেড়েছে ১,৬৬৩ টন। তবে এই বাড়তি আমদানি খুচরা বাজারে কোনো প্রভাব ফেলেনি, দাম আগের মতোই রয়েছে।
গতকাল সাতক্ষীরা জেলার প্রধান মসলা বাজারগুলো পরিদর্শন করে জানা গেছে, শুকনা মরিচ এখনো প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও একই ছিল।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রেতা আবদুল হাকিম জানান, পাইকারি দরে পরিবর্তন না আসায় খুচরা বাজারেও এর কোনো প্রভাব পড়েনি।
সাতক্ষীরা জেলার কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানিয়েছেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোমরা শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে এই বন্দর দিয়ে ৩২,৯২১ টন শুকনা মরিচ আমদানি হয়েছে, যার মোট মূল্য ৮৮৪ কোটি ২৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ৩১,২৫৮ টন আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ৭৮৫ কোটি ৬৯ লাখ টাকা।
ভোমরা বন্দর দিয়ে সারা বছরই প্রচুর পরিমাণে শুকনা মরিচ আমদানি হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তবে দেশে উৎপাদিত মরিচের মান ভালো হলেও আমদানিকৃত মরিচের চাহিদা বেশি, কারণ এটি দেখতে বেশি আকর্ষণীয়।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।