কৃষি অনুপযোগী জমিতে মাছ চাষ করে স্বাবলম্বী রায়পাশার শাহরিয়া
বরিশালের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা মোঃ শাহরিয়া (২৫) অনুর্বর জমিকে কাজে লাগিয়ে মাছ ও সবজি চাষে সফলতা অর্জন করেছেন। তিনি কোনো ক্ষতিকারক রাসায়নিক বা হরমোন ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই চাষাবাদ করছেন। ২০২২ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বিভাগে ডিপ্লোমা শেষ করে তিনি ২০২৩ সালে নিজের ৪০ শতক অনুর্বর জমিতে মাছ চাষের জন্য ঘের তৈরি করেন। এছাড়াও ২০ শতক জমিতে সবজি চাষ শুরু করেন।
শাহরিয়া প্রথমেই সফলতা পেলেও আরও উন্নতির লক্ষ্যে ২০২৪ সালের শুরুতে বরিশাল জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের প্রসার ঘটান। তিনি ঘেরের চারপাশে মৌসুমী শাক-সবজি চাষ করেন এবং চারজন শ্রমিকের সহায়তায় প্রকল্পটি পরিচালনা করেন।
শাহরিয়া জানান, তিনি মাছ চাষে কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করেন না। ঘেরের তলানিতে জমা বর্জ্য অপসারণের জন্য ড্রেনেজ পাম্প ব্যবহার করেন, যা পানিকে দূষণমুক্ত রাখে এবং মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে। এতে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং তাদের স্বাদ ও রং নদীর মাছের মতো হয়। তিনি মিশ্র মাছ চাষ করেন, যার মধ্যে কার্প, তেলাপিয়া, শিং, কই ও শলাচিংড়ি রয়েছে। সবজি চাষে তিনি জৈব সার ব্যবহার করেন এবং শীতকালে পলিথিন দিয়ে চারা রক্ষা করেন।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার বলেন, মৎস্য চাষের মাধ্যমে যুবকরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু তরুণদের এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করেন।
শাহরিয়ার এই সাফল্য স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি এখন একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত এবং তার এই উদ্যোগ অন্যান্য যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।