২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

‘কৃষিতে মডেল গ্রাম’ বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশ

এগ্রিবার্তা ডেস্ক ২৪ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
‘কৃষিতে মডেল গ্রাম’ বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশ

রংপুর জেলার দুটি পিছিয়ে থাকা গ্রামকে কৃষিভিত্তিক টেকসই উন্নয়নের মডেল হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ)। এ প্রকল্পের মাধ্যমে ৩,৫০০ জনের বেশি কৃষককে সহায়তা প্রদান করা হবে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের অংশ হিসেবে ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই) এবং ‘ফার্মার্স হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কেন্দ্রগুলো স্মার্ট কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান এবং কৃষি-সম্পর্কিত সামাজিক সেবার মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

উদ্যোগের আওতায় আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন সৌরচালিত হাইব্রিড সেচ ব্যবস্থা, কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, প্রাকৃতিক গুদাম, কেঁচো সার উৎপাদন প্রযুক্তি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে ৬২ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ৩৭ জন গ্রামীণ উদ্যোক্তা গড়ে উঠেছেন। পাশাপাশি, সামাজিক সচেতনতার কারণে প্রাথমিক পর্যায়ে ৩০০ কৃষক কৃষি বীমা গ্রহণ করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং প্রধান বিটপী দাশ চৌধুরী বলেন, “আমরা ইতিমধ্যে দেশজুড়ে ১৮টি কার্যকরী কৃষি প্রকল্প বাস্তবায়ন করেছি যা ৫৭ হাজারের বেশি মানুষকে উপকৃত করেছে। মডেল গ্রাম তৈরির মাধ্যমে জীবনমান উন্নত করার এই উদ্যোগ আমাদের জন্য একটি নতুন মাইলফলক।”

সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারহাদ জামিল বলেন, “স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে কৃষকদের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা চাই কৃষকরা পরিবর্তিত কৃষি পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাওয়াতে সক্ষম হোক।”

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।