ইন্টার্ন ভাতা বৃদ্ধিতে সিকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থেকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশিপ শিক্ষার্থীরা ১৫ থেকে ২০ হাজার টাকার বেশি ভাতা পেলেও সিকৃবির শিক্ষার্থীদের দেওয়া হয় মাত্র ৯ হাজার টাকা। এ বিষয়ে পূর্বে পাঁচ দফা দাবিসহ ভিসি বরাবর স্মারকলিপি দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি
১. ইন্টার্নশিপ ভাতা ৯,০০০/- টাকা থেকে ২০,০০০/- টাকায় উন্নীত করা।
২. ইন্টার্নশিপ চলাকালীন দৈনিক ৩০০ টাকা ভ্রমণ ও অন্যান্য ভাতা প্রদান।
৩. কমপক্ষে চার মাসের ইন্টার্নশিপ কার্যক্রমের বিস্তারিত রোডম্যাপ তৈরি এবং সংশোধনী জানানো।
৪. প্রতিমাসের শেষে ইন্টার্নশিপ ভাতা নিয়মিত প্রদানের নিশ্চয়তা।
৫. এক্সটার্নশিপের জন্য ভারতের পরিবর্তে বিকল্প দেশ নির্ধারণ।
শিক্ষার্থীরা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভিসা জটিলতার কারণে অন্য দেশে এক্সটার্নশিপের সুযোগ তৈরি করা উচিত। দাবিগুলো মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো ২৮ জানুয়ারি ইউজিসির বৈঠকে উত্থাপন করা হবে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।