কীটনাশক প্রয়োগে আলুর ক্ষেতে পচন,কৃষকের ক্ষতিপূরণ দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পূর্ব আটাপুর জেরকাপাড়া গ্রামে দুই বিঘা জমির আলুর গাছ পচে নষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন আদিবাসী কৃষক বিশ্বজিৎ সিং। তিনি দাবি করেছেন, নিম্নমানের কীটনাশক ব্যবহারের ফলে তার ক্ষেতের এই ক্ষতি হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
বিশ্বজিৎ সিং জানান, উচাই বাজারের মেসার্স হাসি খুশি ভ্যারাইটি স্টোরের মালিক মামুন রশিদের কাছ থেকে "রেক্সিথেন এম-৪৫" এবং "এ্যাসফস-৪৮ ইসি" নামের কীটনাশক ক্রয় করে আলু ক্ষেতে স্প্রে করার পর থেকেই গাছগুলো পচে যেতে শুরু করে। এ বিষয়ে কীটনাশক বিক্রেতাকে জানালে তিনি কোনো সহায়তা করতে অস্বীকৃতি জানান।
বাধ্য হয়ে ১৯ জানুয়ারি বিশ্বজিৎ সিং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষেতটি পরিদর্শন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন, "গাছগুলো লেটব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। কীটনাশক প্রয়োগের সময় এবং পদ্ধতিগত ভুলের কারণেই এমনটা ঘটেছে। আমরা কৃষককে সঠিক পরামর্শ দিয়েছি।"
অন্যদিকে, কীটনাশক বিক্রেতা মামুন রশিদ দাবি করেছেন, তার বিক্রি করা কীটনাশক থেকে কোনো ক্ষতি হয়নি এবং কৃষি অফিস বিষয়টি মীমাংসা করেছে। তবে মীমাংসার ধরন নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, "ঘটনার সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।"
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।