২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ছাদে প্লাস্টিকের বোতলে ধানচাষে বিস্ময়কর সাফল্য নাফিসার

এগ্রিবার্তা ডেস্ক ৭ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ছাদে প্লাস্টিকের বোতলে ধানচাষে বিস্ময়কর সাফল্য নাফিসার

শহরের একটি ছাদে ধান চাষের মাধ্যমে চমক সৃষ্টি করেছেন বরিশালের ডা. নাফিসা জাহান। পেশায় চিকিৎসক হলেও, তার এই নতুন উদ্যোগটি স্থানীয় কৃষি বিভাগ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজের বাড়ির ছাদে পুরনো প্লাস্টিক বোতল ব্যবহার করে ধান চাষ করেছেন তিনি, যা ইতিবাচক ফলাফল দিয়েছে।

ডা. নাফিসা বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক। নিজের কৃষিপ্রেমের কারণে কর্মস্থলের ছাদে ধান চাষের সিদ্ধান্ত নেন তিনি। ভাঙারি দোকান থেকে প্রায় ৫০০টি প্লাস্টিক বোতল সংগ্রহ করে তাতে কালিজিরা ধানের বীজ লাগানো হয়। অল্প সময়ের মধ্যেই গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাহাতাব উদ্দিন আল মাহাবুব বলেন, ছাদে ধান চাষের ধারণাটি প্রথমে হাস্যকর মনে হলেও এখন এটি প্রশংসিত হচ্ছে। এ পদ্ধতিতে প্রথম বছরে প্রায় ৫০ কেজি ধান উৎপাদিত হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কৃষি বিভাগও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বরিশাল কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান বলেন, ছাদবাগানের জন্য সাধারণত ফলমূল ও শাকসবজি চাষে উৎসাহ দেওয়া হয়। তবে ছাদে ধান চাষ একটি নতুন সংযোজন, যা কৃষি বিভাগের পক্ষ থেকে সমর্থিত। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ দিয়ে এই পদ্ধতিকে আরও এগিয়ে নেওয়া হবে।

এখন অনেকেই এই পদ্ধতিতে ছাদে ধান চাষের পরিকল্পনা করছেন, যা ভবিষ্যতে শহরাঞ্চলে খাদ্য উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।