২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি বিভাগের সহায়তায় সরিষা ফসল

এগ্রিবার্তা ডেস্ক ৬ জানুয়ারি ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি বিভাগের সহায়তায় সরিষা ফসল

ময়মনসিংহের কৃষকরা প্রথমবারের মতো বিনা চাষে সরিষা চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। চাষের খরচ ছাড়াই সরিষার বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ মনে করছে, এই পদ্ধতির মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং আগামীতে এ চাষ পদ্ধতির প্রসার ঘটবে।

ময়মনসিংহ সদরের চকনজু গ্রামের কৃষক রুবেল মিয়া (৩৫) স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ও প্রণোদনা হিসেবে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে ৩৩ শতক জমিতে বিনা চাষে সরিষা চাষ করেছেন। চাষের জন্য তার কোনো অতিরিক্ত খরচ হয়নি। নিজেরই যত্নে সরিষার ক্ষেত পরিচর্যা করে আসছেন। সরিষার গাছে ফুল ফুটেছে এবং তিনি বাম্পার ফলনের আশায় দিন গুনছেন।

রুবেল মিয়া জানান, ইউটিউবে বিনা চাষে সরিষা চাষের ভিডিও দেখে তার আগ্রহ জন্মায়। পরবর্তীতে স্থানীয় কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করেন। প্রণোদনার অংশ হিসেবে কৃষি বিভাগ থেকে ১ কেজি বারি সরিষা বীজ, ১০ কেজি ডিইপি সার ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। তিনি বলেন, রোপা আমন ধান কাটার পরে চাষ ছাড়াই সরিষার বীজ ছিটিয়ে দেন। এখন জমিতে হলুদ ফুলে ভরে গেছে, যা দেখে তিনি আশাবাদী।

শুধু রুবেল মিয়াই নন, তার মতো অনেক কৃষক এ মৌসুমে বিনা চাষে সরিষা চাষ করেছেন। একই গ্রামের কৃষক রুহুল আমিন জানান, রুবেল মিয়ার অভিজ্ঞতা দেখে অনেকে এই পদ্ধতিতে সরিষা চাষে আগ্রহী হয়েছেন। ভবিষ্যতে আরও কৃষক এই পদ্ধতি অনুসরণ করবেন বলে তিনি মনে করেন।

গোপালনগর গ্রামের কৃষক নাসির উদ্দিন বাদল জানান, আমন ধান কাটার আগেই জমিতে সরিষা বীজ ছিটিয়ে দিয়েছিলেন। পরে প্রণোদনার সার জমিতে প্রয়োগ করেন। তার দাবি, সরিষার ভালো ফলন হবে এবং এটি বিক্রি করে বোরো ধানের চাষের প্রস্তুতি নেবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা জানান, জেলায় এই মৌসুমে ৩১ হাজার ২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যার মধ্যে ১ হাজার ২৭০ হেক্টর জমিতে বিনা চাষে সরিষার আবাদ করা হয়েছে। সরকারি প্রণোদনার আওতায় ২২ হাজার কৃষককে বিনা চাষে সরিষা চাষে উৎসাহিত করা হয়েছে।

বিনা চাষে সরিষা চাষে কৃষকেরা লাভবান হলে এটি সারা দেশে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।