২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বরেন্দ্রর মাটি যেন খাঁটি সোনা, এবার কমলা চাষে বিপ্লব

এগ্রিবার্তা ডেস্ক ৬ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বরেন্দ্রর মাটি যেন খাঁটি সোনা, এবার কমলা চাষে বিপ্লব

একসময় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে শুধুমাত্র এক ফসলি ধান চাষ হতো। তবে সময়ের পরিবর্তনে এই অঞ্চলের মাটি হয়ে উঠেছে সোনার খনির মতো। এখন এখানে বিভিন্ন ধরনের ফসল, ফল ও শাকসবজি চাষ হচ্ছে। শুধু আম নয়, বরেন্দ্র অঞ্চলের গোগ্রামে চায়না জাতের কমলালেবুর উৎপাদন চমকপ্রদ।

উদ্যোক্তা রফিকুল ইসলাম চার বছর আগে গোদাগাড়ীর গোগ্রামে ৬০ বিঘা জমি লিজ নিয়ে কমলার বাগান গড়ে তোলেন। এবার তাঁর বাগানে বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছ কমলার ভারে নুইয়ে পড়েছে। গোগ্রামের কমলা বাগানগুলো যেন কমলার সোনালী হাসিতে ভরপুর। রফিকুলসহ আরও কিছু কৃষক প্রমাণ করেছেন, বরেন্দ্রের এঁটেল মাটিতেও বিষমুক্ত ও সুমিষ্ট কমলা উৎপাদন সম্ভব।

এই কমলা বাগানগুলোতে বছরে ৩০ থেকে ৪০ জন মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাগান থেকেই পাইকারি বিক্রির মাধ্যমে নগদ আয় হচ্ছে। আগামীতে আরও ৬০ বিঘা জমিতে কমলার বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবক কাউসার হোসেন জানান, পরীক্ষামূলকভাবে শুরু হলেও এখন বাণিজ্যিকভাবে কমলা চাষ হচ্ছে। রাসায়নিক ছাড়া কমলা উৎপাদন হওয়ায় এর স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।

চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের যুবক হানিফ ২০১৯ সালে বিভিন্ন জায়গার বাগান দেখে উদ্বুদ্ধ হন এবং পেয়ারা ও আম বাগানে মাল্টা ও কমলার চারা রোপণ করেন। দুই বছরের মধ্যে তিনি বাম্পার ফলন পেয়েছেন। রাজশাহী কৃষি বিভাগের মতে, ২০১৪ সাল থেকে এ অঞ্চলে কমলার চাষ হচ্ছে এবং প্রতিবিঘায় ৩ টনের বেশি কমলা উৎপাদন হচ্ছে। এ বছর ৩১১ মেট্রিক টন কমলার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।