২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

উন্নত জাতের ধান চাষে সর্বস্বান্ত কৃষক

এগ্রিবার্তা ডেস্ক ৪ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
উন্নত জাতের ধান চাষে সর্বস্বান্ত কৃষক

ময়মনসিংহ অঞ্চলের কৃষকরা উচ্চ ফলনশীল বিনাধান-১৭ এবং বিনাধান-১১ জাতের ধান চাষ করে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্বল্পমেয়াদি ও খরাসহিষ্ণু হিসেবে পরিচিত এ জাতগুলো চাষাবাদের মাধ্যমে আশানুরূপ ফলন পাওয়া যায়নি। অধিকাংশ ধান চিটা হয়ে গেছে, যা কৃষকদের জন্য আর্থিকভাবে বিপর্যয় ডেকে এনেছে।

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ১৪১ জন কৃষক বিনামূল্যে বীজ নিয়ে এ জাতগুলো চাষ করেছিলেন। কিন্তু ফলনের পর দেখা যায়, প্রতি ১০ শতাংশ জমিতে মাত্র এক থেকে দেড় মণ ধান পাওয়া গেছে। অনেক কৃষক ধারদেনা করে বিনাধান-১৭ ও ১১ চাষ করেছিলেন।

কৃষক বাবুল মিয়া জানান, ৩০ শতাংশ জমিতে ধান চাষে তার খরচ হয়েছিল প্রায় ১২ হাজার টাকা। কিন্তু মাত্র ৪-৫ মণ ধান পাওয়ার পর ক্ষতির বোঝা মাথায় নিয়ে তিনি এখন দুশ্চিন্তাগ্রস্ত।

বর্গাচাষি হেলাল উদ্দিন জানান, বিনামূল্যে পাওয়া ১০ কেজি বীজ দিয়ে ১২০ শতাংশ জমিতে বিনাধান-১৭ চাষ করেন। গাভি বিক্রি করে চাষাবাদের খরচ মিটিয়েও মাত্র ১৫ মণ ধান পেয়েছেন।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. শামছুন্নাহার বেগম বলেন, ময়মনসিংহে উচ্চ তাপমাত্রা এবং সার ও কীটনাশকের ব্যবহারে অসঙ্গতি ধানে চিটা হওয়ার কারণ। ভবিষ্যতে কৃষকদের সহযোগিতার জন্য বিকল্প বীজ ও অন্যান্য সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. নাছরিন আক্তার বানু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবল ধরে রাখতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তবে এই পরিস্থিতি অনেক কৃষককে উন্নত জাতের ধান চাষ থেকে বিরত থাকতে প্রভাবিত করতে পারে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।