আবহাওয়া যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান নেই বেশিরভাগ কৃষকদের!
রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নে কৃষকদের কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য ও পূর্বাভাস জানাতে স্থাপন করা হয়েছিল স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার, আবহাওয়া তথ্য বোর্ড ও সৌর বিদ্যুৎ প্যানেল। ২০১৭-১৮ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে এসব যন্ত্র স্থাপিত হলেও, দীর্ঘ সাত বছরে এর কার্যকারিতা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে।
জেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন ঘুরে দেখা যায়, এসব তথ্য বোর্ড ও যন্ত্রপাতি অনেক জায়গায় অযত্নে পড়ে আছে, কোথাও বা খুলে ফেলা হয়েছে। ইউনিয়ন পরিষদের দেয়ালে টাঙানো তথ্য বোর্ডে থাকা বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাসসহ নানা তথ্য হালনাগাদ করার কথা থাকলেও, কোনো কার্যক্রম চালু হয়নি।
আলীপুর ইউনিয়নের কৃষক খোকন খান বলেন, "দেয়ালে বোর্ড দেখেছি, কিন্তু একদিনও কোনো তথ্য পাইনি। কিভাবে এটি কাজ করে তাও জানি না।"
বসন্তপুর ইউনিয়নের আরেক কৃষক আহম্মদ আলী বলেন, "প্রতি বছর ঝড়-বৃষ্টিতে ফসল নষ্ট হয়। অথচ কোনো আগাম তথ্য পাই না। এমন একটি উদ্যোগ নেওয়া হলেও আমাদের কোনো উপকার হয়নি।"
কৃষি উদ্যোক্তা কাজী সিদ্দিকুর রহমান জানান, "আমি একজন পুরস্কারপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা। কিন্তু এই প্রকল্পের বিষয়ে কোনো তথ্য জানি না। তাহলে সাধারণ কৃষকদের কীভাবে জানানো হবে?"
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, "আমার দায়িত্ব নেওয়ার পর থেকেই যন্ত্রগুলো নষ্ট অবস্থায় রয়েছে। এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি।"
বসন্তপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলোক মালাকার জানান, "এই যন্ত্রপাতি পরিচালনার জন্য আমাকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে এগুলো দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে।"
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, "এই যন্ত্রগুলো সরাসরি প্রকল্পের মাধ্যমে বসানো হয়েছিল, স্থানীয় পর্যায়ে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। বর্তমানে এগুলো নষ্ট হয়ে আছে এবং মেরামতের কোনো বরাদ্দ আমাদের হাতে নেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।"
স্থানীয় কৃষকরা দ্রুত যন্ত্রগুলো মেরামত করে কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারের এমন বড় উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় একদিকে যেমন কৃষকদের সুফল বঞ্চিত হতে হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের ব্যয় করা অর্থ।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।