এক নজরে বাকৃবির ঘটনাবহুল ২০২৪
২০২৪ সালটি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জন্য এক চ্যালেঞ্জপূর্ণ ও ঘটনাবহুল বছর। শিক্ষার্থী মৃত্যুর দুঃসংবাদ দিয়ে শুরু হওয়া বছরটি আন্দোলন, গবেষণার সাফল্য, সংঘর্ষ এবং নানা সামাজিক ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়। চলুন, এই বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো একবার দেখে নেওয়া যাক।
বছরের শুরুতেই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বছরের প্রথম দিন, তীব্র প্যানক্রিয়াটাইটিস এবং সেপটিক শকে মারা যান বাকৃবির মেধাবী শিক্ষার্থী মো. আবু হেনা লিংকন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারকে শোকের সাগরে ভাসায়।
ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় শিক্ষার্থীর মৃত্যু
২৫ জানুয়ারি ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াজনিত কারণে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সিনথিয়া আক্তার সুজানার মৃত্যু হয়। ২০২৩ সালে হাত-পায়ের হাড়ের ব্যথার চিকিৎসায় ভারত যান তিনি। ভারতের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ১০ দিন ওষুধ খাওয়ার পর তার শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া শুরু হয়। এ সময় সিনথিয়ার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফাটতে শুরু করলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। একপর্যায়ে তার শরীরের চামড়া খুলে পড়তে শুরু করে।
ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ
১১ ফেব্রুয়ারি ক্যাম্পাসের ভেতরে অটোরিকশা চালক কর্তৃক পশুপালন অনুষদের এক ছাত্রীর শ্লীলতাহানির বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে পশুপালন অনুষদের ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে তালা দেন তারা। পরে তারা উপাচার্যের কাছে তাদের দাবি তুলে ধরেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অপমান করেছেন– এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টরিয়াল বডির সদস্যরা একযোগে পদত্যাগপত্র জমা দেন। অপরদিকে, প্রশাসনের তৎপরতায় দুই দিনের মধ্যেই অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
বিশ্বসেরা গবেষকদের তালিকায় ৩৯২ গবেষক
আন্তর্জাতিক গবেষণা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৯২ জন গবেষক স্থান পান। এই তালিকা গবেষণায় বাকৃবির সাফল্যের প্রমাণ বহন করে।
তিন বহিরাগতকে মারধর
২২ ফেব্রুয়ারি দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন বহিরাগতকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আব্দুল আওয়ালের চায়ের দোকানে অবস্থান করা দুই নারী শিক্ষার্থীকে বহিরাগত মো. রাহাদ মিয়া, মো. জুনায়েদ এবং মো. বিজয় উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তদেরকে মারধর করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
সাইকেল চুরির প্রতিবাদে আন্দোলন
১৭ জানুয়ারি নিয়মিত সাইকেল চুরির ঘটনায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, লাইব্রেরি এবং নিরাপত্তা শাখায় তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা সমস্যার সমাধানে প্রশাসনের পাশাপাশি পুলিশের সহযোগিতা নেন।
খামার ব্যবস্থাপনা শাখায় অগ্নিকাণ্ড
গত ৩ মার্চ বিকেল খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় হঠাৎ আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। পরে বিকাল ৫টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পরতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। সিগারেটের আগুন থেকে এর সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
গত ১২ মার্চ ছাত্রী হলের সীমানা দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে চলে ওই সংঘর্ষ। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে স্ট্যাম্প, ব্যাট, সাইকেলের চেইন, লাঠিসোঁঠা এবং দেশি অস্ত্র হাতে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায় তাদের।
বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ভিতরে সূত্রপাত হওয়া মারামারি পরে হলের সামনে, প্রসাশনিক ভবনের সামনে এবং পরবর্তীতে আব্দুল জব্বার মোড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে আটজন আহত হয়।
সর্বজনীন পেনশন বাতিলের দাবি শিক্ষক
গত ২৭ মার্চ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনের করিডোরে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বজনীন পেনশনকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবিতে মানববন্ধন করে বাকৃবি শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ এবং কর্মচারি সমিতি। পরবর্তীতে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেন।
আপত্তিকর অবস্থায় ছাত্রী-শিক্ষক
গত ৪ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে আমবাগানে আপত্তিকর অবস্থায় কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের শেখ রোজী জামাল হলে নিয়ে আসেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।
পিএইচডি কোর্সের শিক্ষার্থীদের হাতে নারী শিক্ষক হেনস্থা
গত ২৩ মে পিএইচডি ডরমিটরি ভবন পরিদর্শনে এসে পিএইচডি কোর্সের শিক্ষার্থীদের হাতে অধ্যাপক পূর্বা ইসলাম হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠে। উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্রবিষয়ক বিভাগ, প্রক্টরের কার্যালয় ও শিক্ষক সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
জুলাই অভ্যুত্থানে বাকৃবি
৩০ জুন সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ দিয়ে আন্দোলন শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নানা ধরনের কর্মসূচি পালন করেন।
১৭ জুলাই রাতে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা বাতিলের দাবিতে ১৮ জুলাই উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলন করেন তারা। পরে প্রক্টরের কাছে হলে থাকার আশ্বাস পেলেও নিরাপদ মনে না করায় এবং শিক্ষার্থীদের নতুন কর্মসূচির কারণে এদিন গভীর রাত থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।
১৮ জুলাই সারা দেশে ছাত্র নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নিজেদের বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল এবং বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিভিন্ন চাপের মুখে ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুক্তমঞ্চে চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বাকৃবির সমন্বয়করা।
৩১ জুলাই দুপুর ১টায় সাধারণ শিক্ষকদের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে শিক্ষকরা। এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থী হত্যা ও নিপীড়ন বন্ধ, গণগ্রেফতার বন্ধ, হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে উপর্যুক্ত শাস্তি নিশ্চিতকরণ এবং দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানান।
গবেষণায় শিং মাছের জিনোম উন্মোচন
দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন ও লিঙ্গ নির্ধারণকারী জিন শনাক্ত করেন বাকৃবির গবেষকরা। এই সাফল্য মাছ চাষে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।
ক্যাম্পাসে রাজনীতি বন্ধে এক দফা
১৪ আগস্ট সকল ধরনের রাজনীতি বন্ধের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২৮ আগস্ট বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে বাকৃবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন
মুহাম্মদ (সা.) কে গালি ও কটুক্তির প্রতিবাদ
২৯ সেপ্টেম্বর রাতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে গালি ও কটুক্তির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
ফলাফলের দাবিতে বিভাগে তালা
পরীক্ষা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ফলাফল দিতে পারেনি কৃষি রসায়ন বিভাগ। এতে ক্ষুব্ধ হয়ে ২৯ সেপ্টেম্বর প্রথমে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করেন বিভাগের স্নাতকোত্তর থিসিস সেমিস্টারের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা করিম ভবনে (যে ভবনে রসায়ন বিভাগ রয়েছে) তালা দিয়ে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী খাতা জমা না দেওয়ায় ফলাফল আটকে রয়েছে।
বিদেশি শিক্ষার্থীকে যৌন হয়রানি
ভেটেরিনারি অনুষদের এক মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন হয়রানির বিচার এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘নারী নিরাপত্তা সেল’ কার্যকর করার দাবিতে গত ৩০ সেপ্টেম্বর মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে ১৫ অক্টোবর এ ঘটনায় অভিযুক্ত কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাকৃবি
২৫ অক্টোবর দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সম্মান প্রথম বর্ষের ভর্তির জন্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সামিয়া আক্তার নামের এক পরীক্ষার্থী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ভুলবশত বাকৃবি কেন্দ্রে চলে আসেন। আর বগুড়া থেকে আসা নূর মোহাম্মদ নামের এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করে ধরা পড়েন। পরে তাদের পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।
৫ শিক্ষকের স্বর্ণপদক লাভ
১১ নভেম্বর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে পাঁচজন শিক্ষক স্বর্ণপদক লাভ করেন। তাদের মধ্যে চারজন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং একজন শিক্ষক ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ অর্জন করেন।
ভারতের আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবি
২ ডিসেম্বর উগ্রবাদী সংগঠন উল্লেখ করে ইসকন নিষিদ্ধ ও ভারতের আগরতলাস্থ ভারতীয় উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বছরের শেষ রাতের আতঙ্ক
১৭ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা প্রাণরসায়ন বিভাগের এক শিক্ষককে মারধর এবং কয়েকটি বাসায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার উদ্বেগ দেখা দেয়।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।