২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বোরো আবাদে ব্যস্ত হাওরাঞ্চলের কৃষক, শ্রমিক সংকট

এগ্রিবার্তা ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বোরো আবাদে ব্যস্ত হাওরাঞ্চলের কৃষক, শ্রমিক সংকট

নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন—এই তিনটি উপজেলা হাওরাঞ্চল হিসেবে পরিচিত। বর্তমানে এই অঞ্চলের কৃষকরা বছরের প্রধান ফসল বোরো ধানের চাষ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এ আবাদ চলবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। শীতের তীব্রতা উপেক্ষা করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা নিরলসভাবে কাজ করে চলেছেন।

তবে এ বছর শ্রমিক সংকট কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগের তুলনায় বেশি মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। অন্যদিকে, সার, বীজ, এবং অন্যান্য কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়ছে। ফলে সময়মতো আবাদ সম্পন্ন করা নিয়ে শঙ্কা রয়েছে।

এ বছর মোহনগঞ্জে ১৬ হাজার ৯৮০ হেক্টর, খালিয়াজুরীতে ২০ হাজার ২৩০ হেক্টর এবং মদন উপজেলায় ১৭ হাজার ৬৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মদন উপজেলার হাওর এলাকায় দেখা গেছে, কৃষকরা বীজতলা থেকে বোরো চারা উত্তোলন করে মাঠে নিয়ে রোপণ করছেন। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ চারা রোপণে ব্যস্ত। গভীর ও অগভীর নলকূপ দিয়ে জমিতে পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। মোহনগঞ্জ এবং খালিয়াজুরীতেও একই দৃশ্য দেখা গেছে।

মোহনগঞ্জের কৃষক হাফিজুর রহমান বলেন, “বোরো আবাদ ভালোই চলছে, কিন্তু খরচ অনেক বেড়ে গেছে।”

খালিয়াজুরীর কৃষক শফিকুল ইসলাম জানান, “আমাদের ফসল রক্ষা বাঁধগুলো সময়মতো সংস্কার করা হলে ফসল রক্ষা সম্ভব হবে। তবে বাঁধের কাজ না হলে আগাম বন্যার শঙ্কা থেকেই যায়।”

মদনের ফরিদ চৌধুরী বলেন, “ফসল তোলার সময় ধানের দাম কমে যায়। এতে উৎপাদন খরচও উঠানো কঠিন হয়ে পড়ে। শ্রমিক সংকট আর সেচ খরচ বেড়ে যাওয়ায় চাষাবাদ আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে।”

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান জানান, জেলায় এ বছর ১ লাখ ৮৫ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হচ্ছে। এর মধ্যে হাওরাঞ্চলের লক্ষ্যমাত্রা ৪১ হাজার ৭০ হেক্টর। ৪৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনা হিসেবে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে। সাময়িক শ্রমিক সংকট থাকলেও আবাদে বড় কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।