২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

আলু সংরক্ষণ প্রকল্পে বরাদ্দ বেড়ে দ্বিগুণ হচ্ছে

এগ্রিবার্তা ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
আলু সংরক্ষণ প্রকল্পে বরাদ্দ বেড়ে দ্বিগুণ হচ্ছে

কৃষি মন্ত্রণালয় 'আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন' প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ করার প্রস্তাব করেছে। চলতি অর্থবছরে প্রকল্পটির জন্য ৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তা প্রায় দ্বিগুণ করে ১৩ কোটি ৭২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, আলু সংরক্ষণের লক্ষ্যে মডেল ঘর নির্মাণে কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) বিশেষ উদ্যোগ নিয়েছে। চাষিদের বসতবাড়ির উঁচু ও খোলা জায়গায় বাঁশ, কাঠ, টিন, ইটের গাঁথুনি এবং আরসিসি পিলারের মাধ্যমে এই ঘরগুলো তৈরি হবে।

এই প্রকল্পের আওতায় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১৭টি জেলায় ৪৫০টি মডেল ঘর নির্মাণ করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৭৬ লাখ টাকা। তবে প্রকল্পটি ছোট আকারের হওয়ায় এটি তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুমোদন দেন।

বাংলাদেশে বর্তমানে কৃষক পর্যায়ে প্রায় ৪০ প্রজাতির আলু চাষ হচ্ছে এবং এর বাৎসরিক উৎপাদন ৯৭ লাখ মেট্রিক টন। তবে হিমাগারে সংরক্ষণ ক্ষমতা রয়েছে মাত্র ২৮.১০ লাখ মেট্রিক টনের। ফলে উৎপাদিত আলুর একটি বড় অংশ নষ্ট হয়ে যায় এবং কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

এই পরিস্থিতি মোকাবিলায়, বসতবাড়িতে আলু সংরক্ষণের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বিশেষ করে ঢাকা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ঠাকুরগাঁওসহ কয়েকটি আলু-প্রধান জেলায় বাস্তবায়িত হবে।

এছাড়া রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।