কাহারোলে উর্বর মাটি চলে যাচ্ছে ইটভাটায়
দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি জমির উর্বর মাটির একটি বড় অংশ ইটভাটায় চলে যাচ্ছে। অর্থের অভাবে জমির মালিকরা সস্তায় এই মাটি বিক্রি করছেন, যার ফলে জমির উৎপাদন ক্ষমতা প্রায় ৪০ শতাংশ কমে যাচ্ছে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। তবে গবেষকদের আশঙ্কা, বাস্তবে উৎপাদন ক্ষমতা আরও বেশি হ্রাস পাচ্ছে। এর ফলে কৃষি ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
উপজেলার কৃষক পুনিল চন্দ্র রায় জানান, জমির উপরিভাগে জৈব উপাদান থাকলেও মালিকরা তা বিক্রি করে ফেলছেন, যা স্বাভাবিক উৎপাদনকে কমিয়ে দিচ্ছে। এ কারণে উপজেলায় আমন, বোরো এবং রবিশস্যের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। জানা গেছে, দরিদ্র কৃষকেরা অর্থাভাব এবং সচেতনতার অভাবে ফসলি জমির উর্বর মাটি বিক্রি করছেন।
উপজেলা কৃষি গবেষকরা বলেন, কৃষি জমির উর্বর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এভাবে টপ সয়েল উঠে যায়, তাহলে ভবিষ্যতে ফসল উৎপাদনে মারাত্মক বাধা সৃষ্টি হবে।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী জানান, ফসলি জমির উপরিভাগ ১০ থেকে ২০ ইঞ্চি উর্বর মাটি রয়েছে, যা জৈব উপাদান সমৃদ্ধ। যদিও ফসলি জমিতে ৫ শতাংশ জৈব সার থাকার কথা, বাস্তবে তা মাত্র ১ শতাংশ রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকেরা ক্ষতির বিষয়টি না বুঝে টাকার লোভে ফসলি জমির উর্বর মাটি বিক্রি করছেন। আমরা সবসময় কৃষকদের এই মাটির বিক্রয় নিরুৎসাহিত করি।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।