১৯ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবিতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত

মুসাদ্দিকুল ইসলাম তানভীর ১৯ নভেম্বর ২০২৬ · ৩ মিনিট পড়ার সময় · ২১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত

মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন জলাশয়ে ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম–২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এসব পোনা অবমুক্ত করা হয়।

‎​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে বাকৃবির ঈশা খাঁ হল সংলগ্ন লেকে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক রিপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর। এছাড়া ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, ‘পোনা অবমুক্তকরণ মৎস্য অধিদপ্তরের একটি দীর্ঘদিনের ও সফল উদ্যোগ। আমরা উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল-কলেজের মতো অব্যবহৃত প্রাতিষ্ঠানিক পুকুরেও পোনা অবমুক্ত করি। যেসব জলাশয় সঠিক ব্যবস্থাপনা বা সক্ষমতার অভাবে অব্যবহৃত পড়ে থাকে, আমরা সেগুলোকে এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি।’

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন  অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘২০১৮ সালেই বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। তবে কেবল রপ্তানিযোগ্য মাছের মান নিয়ে ভাবলেই চলবে না, দেশের মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিদেশি ভোক্তাদের মতো দেশের মানুষ এবং আমাদের সন্তানদের জন্যও মানসম্মত খাদ্যের মাধ্যমে নিরাপদ মাছ নিশ্চিত করতে হবে।’

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।