দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল শক্তিশালী করতে ভুটানে সার্ক আঞ্চলিক কর্মশালা শুরু
সার্ক কৃষি কেন্দ্র, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এশীয় কৃষক সমিতি এবং হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও নেপাল শাখার যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। ‘২০২৫ সালের যৌথ ঘোষণার অগ্রাধিকার, ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল এবং ২০২৬ সালের আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষের মধ্যে সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালা আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ উদ্যাপনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব। তিনি টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাণিসম্পদ) ড. মো. ইউনূস আলী কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. এস. মালেকা পারভীন বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ুনতেন ফুন্টশো।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শচীন কুমার। তিনি দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খলের ভূমিকা তুলে ধরেন।
এশীয় কৃষক সমিতির এস্টার পেনুনিয়া জাতিসংঘের পরিবারভিত্তিক কৃষি দশক থেকে আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ পর্যন্ত অগ্রযাত্রা এবং টেকসই খাদ্যব্যবস্থায় কৃষক ও পশুপালক জনগোষ্ঠীর ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিরাও বক্তব্য দেন। এ ছাড়া এশীয় কৃষক সমিতির মহাসচিব মারিয়া এলেনা রেবাগে কৃষক সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমেদ তরফদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভুটানের ভারপ্রাপ্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণা লুংগেলি।
দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা নিজ নিজ দেশের ক্ষুদ্র পশুপালন ব্যবস্থার অভিজ্ঞতা ও প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা, উন্নত জাত উদ্ভাবন, পশুখাদ্য ও পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা, চারণভূমি ব্যবস্থাপনা, বাজারসংযোগ, অর্থায়ন এবং নারী ও যুবসমাজের অংশগ্রহণ নিয়ে কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালাটির মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল শক্তিশালী করা, আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণ এবং কৃষক ও পশুপালক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের একটি কাঠামো তৈরি করা।
এগ্রি বার্তা প্রতিবেদক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।