১৭ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
গবেষণা

গবেষণায় পারস্পরিক সহযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনা নিয়ে মতবিনিময়

এগ্রি বার্তা প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ · ৩ মিনিট পড়ার সময় · ১৩ বার পঠিত
শেয়ার করুন:
গবেষণায় পারস্পরিক সহযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনা নিয়ে মতবিনিময়
আন্তর্জাতিক আলু কেন্দ্র (ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার—সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেক (Simon Heck)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) প্রতিনিধি দলটি বারিতে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। এ সময় বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বারির চলমান গবেষণা কার্যক্রম, কৃষি প্রযুক্তির উদ্ভাবন, গবেষণার অগ্রগতি ও সাফল্য নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোহা. মনিরুজ্জামানসহ বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানীরা।

পরে প্রতিনিধি দলটি বারির প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার (জিন ব্যাংক) এবং টিউবার ক্রপস রিসার্চ সেন্টারের টিস্যু কালচার ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তাঁরা এসব কেন্দ্রের গবেষণা কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণার অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির চলমান গবেষণা কার্যক্রম, অর্জিত অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।