৫ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবিতে কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

এগ্রি বার্তা প্রতিবেদক ৫ নভেম্বর ২০২৬ · ৪ মিনিট পড়ার সময় · ৯ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের অক্টোবর ২০২৬- মার্চ ২০২৭ (শীতকালীন) সেমিস্টারে মাস্টার্স ইন এগ্রোনমি প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিভাগীয় গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীরা  কৃষিতত্ত্ব বিভাগে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর অবদান রাখার পাশাপাশি নিজেদের গবেষণাগত দক্ষতা ও পেশাগত উৎকর্ষ অর্জনই তাদের প্রধান লক্ষ্য। বিভাগের শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা ও সহযোগিতায় তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. রুহুল আমিন নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে স্বাগত জানান। তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; বরং জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ সাধন এবং দেশের কৃষি ও খাদ্যনিরাপত্তায় অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি শিক্ষার্থীদের গবেষণায় নিষ্ঠা, সৃজনশীলতা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ গবেষক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণা ও শিক্ষা-সুবিধার যথাযথ ব্যবহারের পরামর্শ দেন।


সভাপতির বক্তব্যে কৃষিতত্ত্ব বিভাগের প্রধান ড. আহমদ খায়রুল হাসান নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, কৃষিতত্ত্ব কৃষির একটি গুরুত্বপূর্ণ শাখা, যা ফসল উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃবিষয়ক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবীন শিক্ষার্থীরা নিজেদের মেধা, শ্রম ও গবেষণার মাধ্যমে কৃষিতত্ত্ব বিভাগের সুনাম ও অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবেন।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।