২০ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

এগ্রি বার্তা প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৬৭ বার পঠিত
শেয়ার করুন:
চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।’

রবিবার সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিন চুয়াডাঙ্গা-২-এর সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, ‘বর্তমানে দেশে সারের চাহিদার পরিমাণ কত; চাহিদা অনুযায়ী ঘাটতি আছে কি না? থাকলে, তা কী এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ করিবার পদক্ষেপ গ্রহণ করা হবে কি না?’

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘চাহিদা অনুযায়ী সারের কোনও ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। কৃষকদের নিকট সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম পরিলক্ষিত হলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম/অঞ্চল হতে সার সরবরাহের মাধ্যমে ঘাটতি সমন্বয় করা হয়।’

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।