বাকৃবিতে ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনিক একাধিক শীর্ষ পদে পরিবর্তন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক গুরুত্বপূর্ণ একাধিক পদে পরিবর্তন এসেছে । বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় উক্ত পদসমূহে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এছাড়া বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস), ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত পৃথক আদেশনামায় উক্ত দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়।
আদেশনামা সূত্রে জানা যায়, বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান এবং কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা প্রক্টরিয়াল বডিতে নিয়োগ পেয়েছেন। তারা যথাক্রমে অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মাজবুবুল প্রতীক সিদ্দিক ও স্থলাভিষিক্ত হবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল আলীম ও চার সহকারী প্রক্টরকে পূর্ববতী দায়িত্বে বহাল রাখা হয়েছে।
এছাড়া বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্সের অধ্যাপক ড. মো সামছুল আলম ভূঁঞা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ গোলজারুল আজিজ নিয়োগ পেয়েছেন।
উক্ত পদসমূহে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা আগামী দুই বছরের জন্য এসব দায়িত্ব পালন করবেন বলে আদেশনামায় জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।