২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

রাবনাবাদ নদীতে যৌথ অভিযানে ৩৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

এগ্রিবার্তা ডেস্ক ৬ জানুয়ারি ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
রাবনাবাদ নদীতে যৌথ অভিযানে ৩৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

বিশেষ কম্বিং অপারেশন-২০২৬-এর অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার নদ-নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গতকাল সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বাংলাদেশ নৌবাহিনী এ অভিযানে সহযোগিতা করে। 

মৎস্য বিভাগ সূত্র জানায়, রাবনাবাদ নদীসহ জাহাজ মারা, মায়ার চর ও সোনার চর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দি জাল ও চর ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসাইন বলেন, ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল বলেন, মাছের প্রজনন রক্ষা ও নদীর পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

মৎস্য বিভাগ জানিয়েছে, বিশেষ কম্বিং অপারেশন-২০২৬-এর আওতায় অবৈধ জাল ও মাছ ধরার ক্ষতিকর সরঞ্জামের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।