২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে ভারতে অপতথ্যের প্রচার

প্রথম আলো: ১১ আগস্ট ২০২৪ · ৬ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে ভারতে অপতথ্যের প্রচার

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নিয়ে কিছু অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেই ভুয়া ভিডিও ভারতীয় সংবাদমাধ্যমেও প্রচারিত হচ্ছে।

যেমন চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলার ঘটনা দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয় ডেইলি লেটেস্ট আপডেটস নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে। যেখানে #AllEyesOnBangladeshiHindus এবং #SaveBangladeshiHindus হ্যাশট্যাগ ছিল।

ভিডিওটি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়।

অনলাইন যাচাই ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব বলছে, নবগ্রহ মন্দিরে অগ্নিসংযোগ বা আগুন দেওয়ার বিষয়টি ঠিক নয়। তাদের এক প্রতিবেদনে বলা হয়, একজন ফেসবুক ব্যবহারকারী ওই ভিডিওকে অপপ্রচার বলে দাবি করেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চট্টগ্রামের লালদীঘি পাড়সংলগ্ন নবগ্রহ মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটেনি। হামলা হয়েছে মন্দিরের কাছাকাছি অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ওই ব্যক্তি অক্ষত মন্দিরের ছবি পাঠিয়ে জানান, মন্দিরের তত্ত্বাবধায়ক স্বপন দাসও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রথম আলো যোগাযোগ করে জেনেছে, অগ্নিসংযোগের ঘটনাটি নবগ্রহ মন্দিরের নয়। মন্দিরটির পরিচালনা কমিটির উপদেষ্টা রনি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘মন্দিরে আমরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছি। এখন পর্যন্ত কিছু হয়নি।’ তিনিও জানান যে আগুনের ঘটনাটি মন্দিরের পেছনে আওয়ামী লীগের কার্যালয়ের।

বাংলাদেশে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরদিন সংসদ ভেঙে দেওয়া হয়। ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অবশ্য শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়, নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়।

বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেশি। ভারত সরকার বাংলাদেশ পরিস্থিতি নজরে রাখতে একটি কমিটিও গঠন করেছে।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা প্রচার পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভারতকেন্দ্রিক অ্যাকাউন্টগুলো থেকে ব্যাপকভাবে ছড়ানো হয় হিন্দুদের ওপর হামলার ঘটনা। তবে এর মধ্যে বেশ কিছু ভিডিও, ছবি ও তথ্য সঠিক নয়।

নোয়াখালীর সেনবাগে গত বৃহস্পতিবার এক নারীকে অপহরণের একটি ভিডিও সাম্প্রদায়িক হামলা বলে চালানোর চেষ্টা দেখা গেছে। তবে ওই নারীর বাবার সঙ্গে কথা বলে প্রথম আলো জানতে পেরেছে, বিষয়টি ঠিক নয়। ওই নারীকে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁর স্বামী। নারী অবশ্য স্বামীর সংসার করতে রাজি নন। স্বামীকে প্রতিহত করেছেন গ্রামবাসী।

ডিসমিস ল্যাব ভুয়া ও অপতথ্য ছড়ানো নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, তারা এখন পর্যন্ত ছয়টি পোস্ট পেয়েছে, যেগুলো ভুল তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে ভারত থেকে পরিচালিত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এসব পোস্ট ছড়ানো হচ্ছে। সেগুলো স্থান পাচ্ছে প্রতিষ্ঠিত গণমাধ্যমেও।

হিন্দুদের দোকানে আগুন দেওয়া হয়েছে, এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এক্সে। ভিডিওতে দেখা যায়, একটি দোকানে আগুন ধরেছে এবং কিছু মানুষ আগুন থেকে মালামাল সরানোর চেষ্টা করছেন। ভিডিওটি ৭ আগস্ট পোস্ট হয়, যেখানে ক্যাপশনে #AllEyesOnBangladeshiHindus-সহ একাধিক হ্যাশট্যাগ দেখা যায়। এমন হ্যাশট্যাগ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর শুরু হয়েছে।

এক্স-এর তথ্য অনুসারে, অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালিত হয়। ভারতীয় গণমাধ্যম সুদর্শন নিউজও ভিডিওটি প্রচার করে এবং সেটিকে হিন্দুদের ওপর আক্রমণ বলে প্রচার করে।

প্রথম আলো:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।