২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

বাসস ৩০ অক্টোবর ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থ দিয়ে নদীভাঙন, জীববৈচিত্র্য হ্রাস কাটিয়ে ওঠা কিংবা মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনা যায় না। এ জন্য উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ুঝুঁকিকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘রোড টু বেলেম কপ-৩০ : পিপল লেড পলিসি-বাংলাদেশ পজিশন @ কপ-৩০-’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জলবায়ু খাতে অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে, এ কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘উন্নত দেশগুলো যদি জলবায়ু পরিবর্তন রোধে অবদান বাড়াতে না পারে, তাহলে আমাদের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাঁচার পথ রুদ্ধ হবে। জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা নিতে হবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আমরা যদি এখনই আমাদের উন্নয়ন দর্শন ও সিদ্ধান্তে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন আর মানবিক বা টেকসই থাকবে না।’

 

উপদেষ্টা বলেন, ‘আমাদের উচিত শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়া নয়, বরং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা। বালু উত্তোলন বন্ধ করা, নদী রক্ষা করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবেশের পক্ষে কাজ করে নেতৃত্বের প্রমাণ দিতে হবে।’

অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলী, পরিচালক মির্জা শওকত আলী, সি৩ইআরের সহকারী পরিচালক রউফা খানম প্রমুখ বক্তব্য দেন।

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।