২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

সাত কলেজ ইস্যু: ইউজিসিতে স্মারকলিপি শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের

এগ্রিবার্তা ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সাত কলেজ ইস্যু: ইউজিসিতে স্মারকলিপি শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের

রাজধানীর ঐতিহ্যবাহী ৭ কলেজে উচ্চশিক্ষা ও নারীশিক্ষা সংকোচন, কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্তি চেষ্টার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) স্মারকলিপি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজ পৃথক করার সময় যথাযথ কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়নি। ফলে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার সুযোগ সংকোচনের শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার দুপুরে এসব প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি ইউজিসি চেয়ারম্যান বরাবর দেয়া হয়।

উচ্চশিক্ষা সংকোচন ও নারীর উচ্চশিক্ষায় বৈষম্যমূলক প্রভাব প্রতিরোধে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রস্তাবনাগুলো হলো - শিক্ষক সংখ্যা বাড়ানো, গবেষণা বাজেট, আধুনিক ল্যাব, লাইব্রেরি, আবাসন ও বৃত্তি সুবিধা সম্প্রসারণের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। সব অংশীজনের জানার অধিকার ও তথ্যের স্বচ্ছতা বজায় রেখে সিদ্ধান্ত নেয়া। শিক্ষার্থী ও শিক্ষকের স্বার্থ সুরক্ষা করে শিক্ষা-পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা। রংপুর কারমাইকেল কলেজ ও বরিশাল বি এম কলেজের উদাহরণ অনুসরণ করে, প্রয়োজনে নতুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা নেয়ার প্রস্তাবনা দেন তারা।
স্মারকলিপিতে শিক্ষকরা জানান, কলেজগেুলোতে আসন কমানোর ফলে, দেশের বিশাল সংখ্যক সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা হতে বঞ্চিত হবে। সরকারি কলেজের গঠনগত বৈশিষ্ট্য ও অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই ধরনের সংকট তৈরি হয়।
একদিকে শিক্ষার সুযোগ সংকুচিত হয়, অন্যদিকে অবকাঠামোগত সংকট চরমে উঠে। এসব কলেজের শিক্ষকরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। আলাদা বিশ্ববিদ্যালয় হলে স্বাভাবিকভাবেই তাদের পদ সেখানে সংকুচিত হয়ে যাবে।


পদ বিলুপ্ত হলে তা ভবিষ্যত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পদপ্রার্থীদের বিশাল সুযোগ থেকে বঞ্চিত করবে। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দীর্ঘকাল ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। প্রস্তাবিত সংকোচন কার্যকর হলে রাজধানীতে নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে, তাদের প্রবেশাধিকার সংকীর্ণ হবে এবং সংবিধানপ্রদত্ত সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘিত হবে।
 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।