একদিন পর কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের সাথে আলোচনা করে আন্দোলন সাময়িক প্রত্যাহার হওয়ায় একদিন পর কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জনভোগান্তির কথা বিবেচনা করে কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা । এখন সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে।
আন্দোলনে অংশগ্রহণকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. শিবলী সাদী জানান, ‘বিশ্ববিদ্যালয়ের কারো যেন ভোগান্তি না হয় সেই জন্য আমরা কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দিয়েছি। সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রশাসনিক ভবনে এখনও তালা ঝুলছে। শিক্ষকরা তাদের মতো করে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী এহসানুল হক হিমেল জানান,‘গতকাল সাড়ে ৪ ঘণ্টার মতো আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক হয়রানির কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে কথা হয়েছে। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এ বিষয়ে আমরা একটি লিখিত চেয়েছি। সেটি হাতে পাওয়ার পর আমরা আবারও আলোচনায় বসব।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।