দুই মাসের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফের মাছ ধরা শুরু
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ফের ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার পর মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মৎস্যজীবীরা নদীতে নামতে শুরু করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মার্চ ও এপ্রিল মাসে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) সংরক্ষণের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে জেলা মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে ১,০৬৪টি অভিযান চালায়। এতে ১২৯ জন জেলেকে আটক করা হয়; এর মধ্যে ৫ জনকে কারাদণ্ড ও ১২৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযানে ১২ লাখ ৭০৫ মিটার কারেন্ট জাল, ১৩টি বেহুন্দি জাল, ৩৩৪টি অন্যান্য জাল, ৬ হাজার ৭৬৬ টন জাটকা ও ৩ হাজার ৫২ টন অন্যান্য মাছ জব্দ করা হয়।
সদরের মৎস্যজীবী নেতা তছলিম ব্যাপারী জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার নদীতে ফিরছেন ইলিশের আশায়। তবে ইলিশ ধরা পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করে। সরকার জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও উপকরণ সহায়তা চালু রেখেছে।
নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, অভিযানকালীন সময়ে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি থেকে নিয়মিত নজরদারি চালানো হয়েছে। এতে ৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার মিটার কারেন্টজাল ও ১৮ টন জাটকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২৬৮ জন জেলে এবং ১২৩টি নৌযান।
জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় জেলেদের চার কিস্তিতে জনপ্রতি ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কঠোর অভিযানের ফলে এবছর ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।