২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

৫০০ একর মৎস্য খামার বিলীনের শঙ্কা মিরসরাইয়ে

এগ্রিবার্তা ডেস্ক ২২ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
৫০০ একর মৎস্য খামার বিলীনের শঙ্কা মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীর তীব্র ভাঙনে সিডিএসপি বাঁধ ভেঙে পড়ছে একের পর এক মৎস্য খামার। ইতোমধ্যেই অন্তত ২০০ একর খামার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৫০০ একর এলাকা এবং উপজেলার ইছাখালী ও ওসমানপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের জীবিকা।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট (সিডিএসপি) আওতায় ১৯৯৪ সালে মিরসরাইয়ের ফেনী নদী তীরবর্তী অঞ্চলে ১১.৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। এর পর থেকেই সেখানে গড়ে উঠে শত শত মৎস্য খামার। কিন্তু সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর বাঁধে তীব্র ভাঙন দেখা দেয়, যা এখনো অব্যাহত রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুহুরী সেচ প্রকল্পের প্রায় ২ কিলোমিটার দক্ষিণে ২০০ মিটার এলাকাজুড়ে বাঁধে ব্যাপক ভাঙন হয়েছে। বহু জায়গায় বাঁধের অর্ধেকেরও বেশি অংশ ইতোমধ্যেই নদীতে ধসে গেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বড় ফাটলও।

স্থানীয় মৎস্য খামারি নজরুল ইসলাম জানান, তার ১৯ একরের খামারটি বাঁধের পূর্ব পাশে অবস্থিত। ভাঙনের আশঙ্কায় এবার তিনি চাষ বন্ধ রেখেছেন। এভাবে অন্তত আরও ৫০ জন খামারি ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তিনি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, বিষয়টি উপজেলা প্রশাসন জেনেছে এবং ফেনী পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অলক দাশ জানান, সিডিএসপি বাঁধে ভাঙনের বিষয়টি আমলে নিয়ে জরুরি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, বাঁধটি পুরোপুরি ধসে পড়লে শুধু মৎস্য খাত নয়, মিরসরাইয়ে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজও চরম ঝুঁকির মধ্যে পড়বে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।