২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

ইলিশের কেজি দুই-তিন হাজার, বৈশাখ ঘিরে নেই অর্ডার

এগ্রিবার্তা ডেস্ক ১১ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ইলিশের কেজি দুই-তিন হাজার, বৈশাখ ঘিরে নেই অর্ডার

আগের মতো পহেলা বৈশাখ উদযাপনে ইলিশ ভাজা এখন আর থাকছে না অনেকের খাবারের তালিকায়। চড়া দামের কারণে মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ‘জাতীয় মাছ’ ইলিশ। বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে এবার নেই আগের মতো মাতামাতি, নেই আগাম অর্ডারও।

বরিশালের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “ইলিশের দাম এতটাই বেড়েছে যে এখন সাধারণ দিনেও কেনা কষ্টকর। পহেলা বৈশাখে কেনা তো অসম্ভব। এবারও পান্তাভাত, আলুভর্তা, ডিমভাজা আর মরিচভর্তা দিয়েই নববর্ষ উদযাপন করবো।”

পোর্ট রোডের আড়তদাররা জানাচ্ছেন, এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকায়, কেজিপ্রতি প্রায় ৩ হাজার টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ৬৫ হাজার টাকায়, যার কেজি দাড়ায় ১ হাজার ৬২৫ টাকা। খুচরা বাজারে এই ইলিশের দাম আরও ২০০-৩০০ টাকা বেশি।

আড়তদার জহির সিকদার জানান, “আগের বছরগুলোতে এপ্রিল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইলিশ যেতো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু এবার অর্ডারই আসেনি। দাম এবং সরবরাহ কম থাকায় পাইকাররাও বাজারমুখী হচ্ছেন না।”

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রথমবারের মতো ভারতীয় সময়ের সঙ্গে মিল রেখে সমুদ্র এলাকায় ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “ইলিশের উৎপাদন কমেনি, বরং বেড়েছে। তবে এখন চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ (৮-১৪ এপ্রিল)। এই সময় কঠোর নজরদারি চলছে। ফলে বাজারে সরবরাহ কম দেখা যাচ্ছে।”

তিনি জানান, অবৈধ জাল উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে আড়তদারদের অভিযোগ, জাটকা শিকার ও অবৈধ জালের উৎপাদন না থামালে উৎপাদন বাড়বে না এবং দাম সাধারণ মানুষের নাগালে ফিরবে না।

এদিকে, পোর্ট রোডের বাজারে অনেক আড়তদারকে ইলিশ না থাকায় খালি বাক্স গুছিয়ে রাখতে দেখা গেছে। অনেকেই বলছেন, এবার পহেলা বৈশাখে ইলিশের চেয়ে ডিম বা অন্যান্য সহজলভ্য পণ্য নিয়েই দিন কাটাতে হবে সাধারণ মানুষের।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।